কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় আবাদযোগ্য কৃষিজমির মাটি কাটার অভিযোগে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। শনিবার (১০ জানুয়ারি ২০২৬) সদর দক্ষিণ উপজেলার জোড়কানন পশ্চিম ইউনিয়নের মজলিশপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুজন চন্দ্র রায়–এর নেতৃত্বে অভিযানে কৃষিজমির মাটি কাটার কার্যক্রম বন্ধ করা হয়। প্রশাসন সূত্রে জানা যায়, অভিযানের সময় হাইকোর্টের নির্দেশনা অমান্য করে কৃষিজমির মাটি কাটা হচ্ছে—এমন প্রমাণ মেলে। পরে ঘটনাস্থল থেকে দুটি ট্রাক্টর ও একটি এস্কেভেটর জব্দ করা হয়। জব্দকৃত যানবাহনগুলো উপজেলা পরিষদের মাঠে নিয়ে আসা হয়েছে।
অভিযানে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সজীব তালুকদার উপস্থিত ছিলেন। এছাড়াও সদর দক্ষিণ মডেল থানা পুলিশের সদস্য এবং আনসার বাহিনীর একটি দল অভিযানে সহযোগিতা করে।
অভিযান চলাকালে জমির মালিক মো. রফিক (৭৫), পিতা মেহের আলী, ঠিকানা—মজলিশপুর, জোড়কানন পশ্চিম, সদর দক্ষিণকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
কৃষি বিশেষজ্ঞদের মতে, জমির উপরিভাগের ৪ থেকে ৬ ইঞ্চি মাটিতেই প্রধান পুষ্টি উপাদান থাকে। এই স্তরের মাটি কেটে নেওয়া হলে জমির উর্বরতা ক্ষতিগ্রস্ত হয় এবং পরে অতিরিক্ত সার প্রয়োগ করলেও প্রত্যাশিত ফলন পাওয়া কঠিন হয়ে পড়ে। এতে কৃষকের উৎপাদন ব্যয় বেড়ে যায়।
উপজেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে কৃষিজমির মাটি কাটা বন্ধে অভিযান অব্যাহত থাকবে। জব্দকৃত যানবাহনের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।