কৃষি কার্ডে তেল বিক্রি শুরু, সরবরাহ বাড়ানোর দাবি কৃষকদের

চাই সুই উ মারমা | রাঙ্গামাটি:
প্রকাশ: ৩ ঘন্টা আগে

রাঙামাটিতে কৃষকদের জন্য কৃষি কার্ডের মাধ্যমে ডিজেল বিক্রি কার্যক্রম শুরু হয়েছে। রবিবার (৬ এপ্রিল ২০২৬) সকালে শহরের চারটি ফিলিং স্টেশনের মধ্যে তিনটিতে নির্ধারিত সময়সূচি অনুযায়ী ডিজেল সরবরাহ করা হয়।

তবে নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়ার কারণে অনেক কৃষক দীর্ঘ সময় লাইনে অপেক্ষা করেও তেল না পেয়ে হতাশ হয়ে ফিরে যেতে বাধ্য হয়েছেন বলে জানা গেছে।

স্থানীয় প্রশাসন জানায়, সপ্তাহে তিনদিন ডিজেল এবং তিনদিন অকটেন সরবরাহের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সিদ্ধান্তে পাম্পগুলোতে কিছুটা শৃঙ্খলা ফিরলেও সময়সীমা সীমিত থাকায় অনেক কৃষক খালি তেলের কন্টেইনার নিয়ে ফিরে যাচ্ছেন।

ভুক্তভোগী কৃষকদের দাবি, প্রকৃত কৃষকদের যাচাই-বাছাই করে তেল সরবরাহের সময়সীমা বৃদ্ধি করা প্রয়োজন। তাদের অভিযোগ, নির্ধারিত সময় শেষ হয়ে গেলে পাম্পে তেল মজুদ থাকলেও সরবরাহ বন্ধ করে দেওয়া হচ্ছে। এতে দুর্গম এলাকা থেকে আসা কৃষক, জেলে এবং পণ্যবাহী যানবাহনের চালকদের চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে।

স্থানীয় কৃষক রবিমোহন বলেন, “আগে প্রতিদিন জমিতে সেচ দিতে পারতাম, কিন্তু এখন তেলের সংকটে এক বা দুই দিন পরপর পানি দিতে হচ্ছে। বৃষ্টি না থাকায় জমির মাটি ফেটে যাচ্ছে এবং ধানের গাছ নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।” তিনি তেল সরবরাহের সময় বৃদ্ধি করার দাবি জানান।

এদিকে টানা পাঁচদিন বন্ধ থাকার পর কাপ্তাই হ্রদে স্পিডবোট চলাচল আবার শুরু হয়েছে। স্পিডবোট ঘাটের ব্যবস্থাপক মো. মহিউদ্দিন জানান, কিছু পরিমাণ তেল সরবরাহ পাওয়ায় সীমিত আকারে স্পিডবোট চলাচল শুরু করা সম্ভব হয়েছে।

ফিলিং স্টেশনের দায়িত্বপ্রাপ্ত ট্যাগ অফিসার ও কৃষি বিভাগের অতিরিক্ত উপ-পরিচালক অরুণ চন্দ্র রায় বলেন, কৃষি কার্ড চালুর ফলে প্রকৃত কৃষকদের শনাক্ত করা সহজ হয়েছে এবং তাদের অগ্রাধিকার ভিত্তিতে তেল দেওয়া হচ্ছে।

প্রতিবেদক: চাই সুই উ মারমা | দেশ এডিশন
https://deshedition.com/

error: Content is protected !!