কোথাও মিলছে না অকটেন, পাম্পে দেখা যাচ্ছে বাড়তি ভিড়

দেশ এডিশন অনলাইন ডেস্ক:
প্রকাশ: ১ ঘন্টা আগে

ঈদের ছুটি শেষে রাজধানীতে কর্মজীবী মানুষের ফেরার সাথে সাথে বিভিন্ন পেট্রোল পাম্পে অকটেন না পাওয়ার অভিযোগ উঠেছে। অনেক পাম্পে অকটেন সংগ্রহ করতে গিয়ে গ্রাহকদের দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে দেখা গেছে।

জানা গেছে, সোমবার থেকে সরকারি অফিস-আদালত খুলতে যাচ্ছে। এ কারণে অফিসগামী মানুষের যাতায়াত বাড়ায় জ্বালানির চাহিদাও বেড়েছে। এমন পরিস্থিতিতে অকটেনের সরবরাহ স্বাভাবিক না থাকলে ভোগান্তিতে পড়তে পারেন সাধারণ মানুষ।

জ্বালানি বিপণনকারী প্রতিষ্ঠানগুলোর দাবি, দেশে অকটেনের পর্যাপ্ত মজুদ রয়েছে এবং সরবরাহেও কোনো ঘাটতি নেই। তবে পাম্প মালিকদের অভিযোগ, তারা বিক্রির তুলনায় ডিপো থেকে প্রয়োজনীয় পরিমাণ অকটেন পাচ্ছেন না।

সংশ্লিষ্টরা জানান, ঈদের ছুটির কারণে গত ২১ ও ২২ মার্চ ডিপোগুলো বন্ধ থাকায় সরবরাহে সাময়িক সমস্যা তৈরি হয়েছে। অন্যদিকে এবারের ঈদে জ্বালানির বিক্রি তুলনামূলক বেশি হওয়ায় কিছু পাম্পে সংকট দেখা দিয়েছে।

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) সূত্রে জানা গেছে, জাতীয় পর্যায়ে অকটেনের মজুদে কোনো ঘাটতি নেই। আগামী ২ এপ্রিল প্রায় ২৫ হাজার টন অকটেনবাহী একটি কার্গো দেশে পৌঁছানোর কথা রয়েছে। এছাড়া সংশ্লিষ্ট উৎপাদন প্লান্টগুলোতেও নিয়মিত উৎপাদন কার্যক্রম চলছে।

এদিকে বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন জানিয়েছে, বর্তমান সরবরাহ দিয়ে ক্রেতাদের চাহিদা পূরণ করা কঠিন হয়ে পড়ছে। তারা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দ্রুত সরবরাহ বাড়ানোর আহ্বান জানিয়েছেন।

সংশ্লিষ্টরা মনে করছেন, সরবরাহ স্বাভাবিক হলে খুব দ্রুত পরিস্থিতি উন্নতি হতে পারে।

error: Content is protected !!