জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ১০ বছরের সাজা থেকে খালাস দিয়ে আপিল বিভাগের দেওয়া রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ করা হয়েছে।
মঙ্গলবার (৪ নভেম্বর) রাতে সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে ৫৯ পৃষ্ঠার ওই রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ করা হয়। রায়ে আদালত উল্লেখ করেছেন, “এই (মামলার) আপিলগুলোর বিষয়বস্তু গঠনকারী কার্যধারাগুলো উদ্দেশ্যমূলকভাবে গঠন করায় তা আইনের স্পষ্ট অপব্যবহার বলে প্রতীয়মান হয়েছে, যা দুরভিসন্ধিমূলক মামলার সমতুল্য।”
প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে গঠিত পাঁচ সদস্যের আপিল বিভাগের বেঞ্চ গত ১৫ জানুয়ারি সর্বসম্মতভাবে এই রায় প্রদান করেন।
রায়ে আরও বলা হয়েছে, “এই রায় অন্যান্য দোষী সাব্যস্ত ব্যক্তিদের ক্ষেত্রেও প্রযোজ্য হবে, যারা এ মামলায় আপিল করেননি।”
এর ফলে বিচারিক আদালত ও হাইকোর্টের দেওয়া পূর্বের রায় বাতিল হয় এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ অন্য আসামিরাও আপিল না করেই সাজা থেকে খালাস পান।
উল্লেখ্য, খালেদা জিয়াসহ তিনজনের করা আপিল মঞ্জুর করে গত ১৫ জানুয়ারি আপিল বিভাগ সর্বসম্মতভাবে এ রায় দেন, যা দীর্ঘদিনের একটি বহুল আলোচিত মামলার অবসান ঘটায়।
সূত্র: সুপ্রিম কোর্ট ওয়েবসাইট।