খালেদা জিয়ার আসনে শাপলা কলির চ্যালেঞ্জ: এনসিপির প্রার্থী ঘোষণা

দেশ এডিশন | রাজনৈতিক ডেস্ক
প্রকাশ: ২ মাস আগে

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) পূর্বঘোষণা থেকে সরে এসে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রতিদ্বন্দ্বী হিসেবে প্রার্থী দিয়েছে দিনাজপুর–৩ আসনে। নভেম্বরের শুরুতে দলটি ঘোষণা দিয়েছিল, খালেদা জিয়ার নির্বাচনী আসনে তারা প্রার্থী দেবে না। তবে বুধবার আনুষ্ঠানিকভাবে ঘোষিত ১২৫টি আসনের তালিকায় দেখা গেছে, ওই আসনে এনসিপির ব্যানারে প্রতিদ্বন্দ্বিতা করছেন আ হ ম শামসুল মুকতাদির, যিনি দলটির দিনাজপুর জেলা শাখার আহ্বায়ক।

গত ৩ নভেম্বর বিএনপি প্রথম ধাপে ২৩৭টি আসনের প্রার্থী তালিকা প্রকাশ করে। এর পরদিন, ৪ নভেম্বর এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ঘোষণা দেন যে খালেদা জিয়ার আসনে তাদের দল প্রার্থী দেবে না। সেই সিদ্ধান্তকে নেটিজেনরা ইতিবাচকভাবে নিয়েছিলেন। কিন্তু সর্বশেষ তালিকা প্রকাশের মাধ্যমে দলটি পূর্বের অবস্থান থেকে সরে গেছে।

দিনাজপুর–৩ আসনে খালেদা জিয়া ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে বিএনপি আগেই জানিয়েছিল। দলের প্রকাশিত প্রার্থী তালিকা অনুযায়ী তিনি ফেনী–১, দিনাজপুর–৩ এবং বগুড়া–৭ আসন থেকে নির্বাচন করবেন।

এনসিপির নতুন সিদ্ধান্তকে নিয়ে রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, দলটির ঘোষণার সঙ্গে বাস্তব পদক্ষেপের অমিল ভোটার এবং সমর্থকদের মধ্যে প্রশ্ন তৈরি করতে পারে। যদিও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে এনসিপির পক্ষ থেকে কোনো ব্যাখ্যা এখনো পাওয়া যায়নি।

error: Content is protected !!