মোংলায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত কুরআন খতম ও দোয়া মাহফিলকে কেন্দ্র করে অপ্রীতিকর ঘটনা ঘটেছে। এতে সোবাহান মোল্লা (৩০) ও মো. মাইনুল (২৫) নামের দুই ব্যক্তি আহত হয়েছেন বলে জানা গেছে।
শনিবার বিকেলে মোংলা হেলিপ্যাড মাঠে অনুষ্ঠিত এই দোয়া মাহফিলের আয়োজন করা হয় বাগেরহাট-৩ (রামপাল ও মোংলা) আসনের স্বতন্ত্র প্রার্থী এম এ এইচ সেলিম–এর নেতৃত্বে। তিনি বাগেরহাট-২ আসনের সাবেক সংসদ সদস্য এবং বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতিও ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, দোয়া মাহফিল শুরুর আগ মুহূর্তে কিছু লোক অনুষ্ঠানস্থলে বিশৃঙ্খলা সৃষ্টি করে। এ সময় উপস্থিতদের জন্য প্রস্তুত করা খাবার নিয়ে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হয় এবং কিছু খাবার নষ্ট হওয়ার অভিযোগ উঠেছে।
এতে বাধা দিতে গেলে সংঘর্ষের মধ্যে দুইজন আহত হন। পরিস্থিতি ঘিরে অনুষ্ঠানস্থল ও আশপাশের এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে মোংলা থানা পুলিশ ও নৌবাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
আহত সোবাহান মোল্লা জানান, ঘটনার সময় নিরাপত্তার জন্য তিনি মোংলা থানায় আশ্রয় নেন এবং পরে পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। তিনি অভিযোগ করেন, অনুষ্ঠান ব্যাহত করতেই একটি দল পরিকল্পিতভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করে।
ঘটনার বিষয়ে মোংলা থানার সহকারী পুলিশ সুপার মো. রেফাতুল ইসলাম বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনতে কাজ করছে পুলিশ। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।