গণতান্ত্রিক সংস্কার জোট ঘোষণা: ঐক্যের নতুন পথ

নিজস্ব প্রতিবেদক:
প্রকাশ: ২ মাস আগে

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ করল তিনটি দলের সমন্বয়ে গঠিত ‘গণতান্ত্রিক সংস্কার জোট’। রোববার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই নতুন জোটের আত্মপ্রকাশ ঘটে।

সংবাদ সম্মেলনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), এবি পার্টিরাষ্ট্র সংস্কার আন্দোলন যৌথভাবে নতুন জোট গঠনের ঘোষণা দেয়। জুলাই গণঅভ্যুত্থানের এক দফা আন্দোলনের ঘোষক ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম জোটের আনুষ্ঠানিক ঘোষণা করেন।

নাহিদ ইসলাম বলেন, “দীর্ঘদিনের আলোচনা ও সমন্বয়ের পথ পেরিয়ে আমরা তিন দল এক ব্যানারে ঐক্যবদ্ধ হয়েছি। পরিবর্তনের পক্ষে থাকা অন্যান্য রাজনৈতিক দল ও নাগরিক শক্তিকেও এই ঐক্য প্রক্রিয়ায় যুক্ত হওয়ার আহ্বান জানাচ্ছি।”

এবি পার্টির সভাপতি মুজিবুর রহমান মঞ্জু বলেন, “দেশের মানুষ পুরনো রাজনৈতিক কাঠামোয় ক্লান্ত। নতুন রাজনৈতিক বন্দোবস্তের দিকে এগিয়ে যাওয়ার জন্য আমরা ঐক্যবদ্ধ হয়েছি। ভুল–ত্রুটি থাকতে পারে, তবে এটি আমাদের নতুন যাত্রা।”

রাষ্ট্র সংস্কার আন্দোলনের নেতা হাসনাত কাইয়ূম আশা প্রকাশ করে বলেন, “তিন দলকে নিয়ে যাত্রা শুরু হলেও ভবিষ্যতে জোটটি আরও বিস্তৃত হবে। গণতান্ত্রিক রূপান্তরের পথে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।”

নতুন জোটের নেতারা জানান, জুলাই গণঅভ্যুত্থানের গণমানস ও স্পিরিটকে ধারণ করে তারা নির্বাচনী ও রাজনৈতিক কর্মসূচি সামনে এগিয়ে নিয়ে যাবেন।

error: Content is protected !!