গণভোটের জনরায়কে প্রথম দিনেই বৃদ্ধাঙ্গুলি: আসিফ মাহমুদ

ডেস্ক রিপোর্ট | দেশ এডিশন
প্রকাশ: ১৪ ঘন্টা আগে

গণভোটে জনসমর্থনের ভিত্তিতে গৃহীত সংস্কার প্রক্রিয়ার সূচনা নিয়েই প্রশ্ন তুলেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেছেন, গণভোটে দেওয়া জনগণের রায়কে উপেক্ষা করেই নতুন সংসদের যাত্রা শুরু হয়েছে।

মঙ্গলবার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক মন্তব্যে তিনি এ কথা বলেন। তার বক্তব্যে উঠে আসে, গণভোটে ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমে জুলাই জাতীয় সনদ বা সংবিধান সংস্কার কার্যক্রম বাস্তবায়নের পক্ষে জনগণের মতামত স্পষ্ট হয়েছিল। সে অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে একটি সংবিধান সংস্কার পরিষদ গঠনের কথা ছিল।

নির্ধারিত প্রক্রিয়া অনুযায়ী, নির্বাচিত প্রতিনিধিদের প্রথমে সংসদ সদস্য হিসেবে এবং পরে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেওয়ার কথা থাকলেও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে নির্বাচিত ২০৯ জন সংসদ সদস্য সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেননি। তবে তারা সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করেছেন।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই সিদ্ধান্তের ফলে অন্তর্বর্তী সরকারের ঘোষিত সংস্কার কার্যক্রম শুরুতেই জটিলতার মুখে পড়তে পারে। একই সঙ্গে এটি নতুন রাজনৈতিক অচলাবস্থার আশঙ্কাও তৈরি করেছে।

এ বিষয়ে বিএনপির অবস্থান হলো—বর্তমান সংবিধানে ‘সংবিধান সংস্কার পরিষদ’ নামে কোনো সাংবিধানিক কাঠামোর উল্লেখ নেই। সংবিধানের তৃতীয় তফসিলে বিভিন্ন রাষ্ট্রীয় পদের শপথের বিধান থাকলেও সেখানে সংসদ সদস্য ছাড়া অন্য কোনো পরিষদের শপথের বিষয় অন্তর্ভুক্ত নয়। দলটির দাবি, প্রধান নির্বাচন কমিশনারের পক্ষেও এ ধরনের শপথ পাঠ করানোর সাংবিধানিক এখতিয়ার নেই।

এই পরিস্থিতিতে গণভোট-পরবর্তী সংস্কার প্রক্রিয়ার ভবিষ্যৎ এবং সংসদীয় রাজনীতির পরবর্তী ধাপ নিয়ে নানা প্রশ্ন ও আলোচনা শুরু হয়েছে।

error: Content is protected !!