গণভোটের রায় কার্যকর করার দাবিতে ধারাবাহিক কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক | দেশ এডিশন:
প্রকাশ: ২ ঘন্টা আগে

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে সারা দেশে বিক্ষোভ ও সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টিসহ ১১ দলীয় জোট। সরকারের বিরুদ্ধে গণভোটের রায়ের বিপরীতে অবস্থান নেওয়ার অভিযোগ তুলে মঙ্গলবার (৮ এপ্রিল) সকালে এই কর্মসূচি ঘোষণা করা হয়।

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার জানান, আগামী ১২ এপ্রিল সারা দেশের জেলায় জেলায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। কর্মসূচির অংশ হিসেবে ৯ এপ্রিল ঢাকার শাহবাগে লিফলেট বিতরণের মাধ্যমে আন্দোলনের সূচনা করা হবে।

ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে:

৯ এপ্রিল: শাহবাগে লিফলেট বিতরণ
১১ এপ্রিল: দেশের সকল উপজেলা ও থানায় বিক্ষোভ মিছিল
১২ এপ্রিল: সকল জেলায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল
১৩ এপ্রিল: ঢাকায় গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে সেমিনার

এ সময় বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকারের সংস্কার সংক্রান্ত সিদ্ধান্তগুলো বিএনপি উপেক্ষা করছে। তিনি বলেন, গণভোটের রায় কার্যকর না হওয়া পর্যন্ত ১১ দল রাজপথে আন্দোলন চালিয়ে যাবে।

জোট নেতারা দাবি করেন, গণভোটের ফলাফলের প্রতি সম্মান জানিয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া উচিত বলে তারা মনে করেন।

দেশ এডিশন/এনআর

error: Content is protected !!