আসন্ন গণভোট বিষয়ে জনসচেতনতা সৃষ্টি এবং জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের লক্ষ্যে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় মাঠ পর্যায়ে গণপ্রচারণা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে সমাজসেবা অধিদপ্তরের উপকারভোগীদের লাইভ ভেরিফিকেশন ও উঠান বৈঠকের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘাটাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ আবু সাঈদ। সভাপতিত্ব করেন উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা ও সংগ্রামপুর ইউনিয়ন পরিষদের প্রশাসক মোঃ লিয়াকত আলী।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন কর্মকর্তা জনাব এ এম শামসুজ্জামান এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা জনাব মোঃ আব্দুল হান্নান সরকার।
বৈঠকে উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ আবু সাঈদ জুলাই জাতীয় সনদের গুরুত্ব, গণভোটের উদ্দেশ্য ও তা বাস্তবায়নে সাধারণ মানুষের ভূমিকা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। তিনি বলেন, গণভোট একটি গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়া, যেখানে জনগণের সক্রিয় অংশগ্রহণ দেশের ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
উপস্থিত উপকারভোগী ও স্থানীয় জনগণের মাঝে গণভোট সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং সঠিক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্যে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান আয়োজকরা।