গণভোট সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং সঠিক তথ্য সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে পটুয়াখালীর বাউফল উপজেলায় মসজিদভিত্তিক ইমামদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় প্রশাসনের উদ্যোগে আয়োজিত সভায় গণভোটের গুরুত্ব, উদ্দেশ্য, ভোটাধিকার প্রয়োগের নিয়ম এবং ভোট প্রদানের সঠিক পদ্ধতি সম্পর্কে ইমামদের বিস্তারিতভাবে অবহিত করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাউফল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও সহকারী রিটার্নিং অফিসার সালেহ আহমেদ। তিনি বলেন, গণভোট একটি গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়া, যার মাধ্যমে রাষ্ট্র পরিচালনার গুরুত্বপূর্ণ বিষয়ে জনগণের সরাসরি মতামত প্রতিফলিত হয়। এ প্রক্রিয়া সফল করতে জনসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি।
ইউএনও আরও বলেন, ধর্মীয় নেতৃবৃন্দ হিসেবে ইমামগণ সমাজে অত্যন্ত গ্রহণযোগ্য ও বিশ্বাসযোগ্য ব্যক্তি। ফলে জুমার খুতবা ও ধর্মীয় আলোচনার মাধ্যমে গণভোট সম্পর্কে সঠিক তথ্য তুলে ধরতে পারলে সাধারণ মানুষ বিষয়টি সহজে অনুধাবন করবে এবং সচেতনভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারবে।
সভায় গুজব, অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়। পাশাপাশি এ ধরনের তথ্য ছড়িয়ে পড়লে তা প্রতিহত করতে ইমামদের ভূমিকা গুরুত্বপূর্ণ বলেও উল্লেখ করা হয়।
মতবিনিময় সভায় উপজেলার বিভিন্ন মসজিদের ইমামগণ উপস্থিত ছিলেন। এ সময় তারা গণভোট সংক্রান্ত বিভিন্ন প্রশ্ন উত্থাপন করেন এবং মতামত প্রকাশ করেন। ইমামগণ নিজ নিজ অবস্থান থেকে জনগণকে সচেতন করার এবং গণভোট সফল করতে সক্রিয় ভূমিকা রাখার আশ্বাস দেন।
সভা শেষে গণভোট সংক্রান্ত সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়—যার মাধ্যমে সাধারণ মানুষের কাছে নির্ভরযোগ্য তথ্য পৌঁছানোর ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়েছে।