দেশ এডিশন নিউজ ডেস্ক :
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচনের আগে প্রস্তাবিত গণভোট সম্ভব নয়। সময়, অর্থ এবং নির্বাচনের মতো বিশাল আয়োজনের প্রেক্ষাপটে এটি সম্পূর্ণ অযৌক্তিক ও অবিবেচনাপ্রসূত সিদ্ধান্ত।
তিনি বলেন, “ভোটের দিন ছাড়া গণভোট করার সিদ্ধান্ত কোনোদিনও বিএনপি মেনে নেবে না।”
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিএনপির স্থায়ী কমিটির এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল অভিযোগ করেন, ঐকমত্য কমিশনের প্রস্তাবিত দফাগুলোর ওপর গণভোটের কথা বলা হলেও, জুলাই সনদে থাকা রাজনৈতিক দলগুলোর মতামত, ভিন্নমত ও ‘নোট অব ডিসেন্ট’ সেখানে প্রতিফলিত হয়নি। তাঁর ভাষায়, “কমিশনের প্রস্তাব ও সুপারিশ একপেশে ও জবরদস্তিমূলকভাবে জাতির ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে।”
তিনি প্রশ্ন রেখে বলেন, “তাহলে কি দীর্ঘ এক বছর ধরে সংস্কার ও ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর আলোচনা অর্থহীন? এটি প্রহসনমূলক এবং জাতির সঙ্গে প্রতারণার শামিল।”
বিএনপি মহাসচিব আরও বলেন, “জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার এখতিয়ার সরকারের নেই। কমিশন রাজনৈতিক দলগুলোর গণতান্ত্রিক অধিকারকেও আমলে নেয়নি।”
সংস্কার প্রসঙ্গে তিনি বলেন, “প্রথম অধিবেশন শুরুর তারিখ হতে ২৭০ পঞ্জিকা দিবসের মধ্যে সংস্কার শেষ করতে ব্যর্থ হলে গণভোটে অনুমোদিত সংবিধান সংস্কার বিলটি স্বয়ংক্রিয়ভাবে সংবিধানে অন্তর্ভুক্ত হবে—এটি সম্পূর্ণ অযৌক্তিক, হাস্যকর ও উদ্দেশ্যপ্রণোদিত।”
তিনি আরও যোগ করেন, “জাতীয় সংসদে অনুমোদনের পর যেকোনো বিল রাষ্ট্রপতির অনুমোদন ছাড়া আইনে পরিণত হতে পারে না। স্বয়ংক্রিয়ভাবে সংবিধানে অন্তর্ভুক্ত হওয়া গণতান্ত্রিক রীতি ও সংসদীয় সার্বভৌমত্বের পরিপন্থী। “