কুমিল্লা-৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরী বলেছেন, দলীয় মনোনয়ন এবং জনগণের ভালোবাসার কারণে তিনি কুমিল্লাবাসীর কাছে ঋণী। তিনি বলেন, প্রয়োজনে নিজের সর্বোচ্চ ত্যাগের মাধ্যমে সেই ঋণ শোধ করতে চান।
বুধবার কুমিল্লা নগরীর ৮ নম্বর ওয়ার্ড বিএনপির আয়োজনে অনুষ্ঠিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করা হয়।
মনিরুল হক চৌধুরী বলেন, জনগণ তাকে সুযোগ দিলে তিনি নিরাশ করবেন না। তিনি জানান, কুমিল্লার মানুষ দীর্ঘদিন ধরে প্রত্যাশিত উন্নয়ন থেকে বঞ্চিত। নির্বাচিত হলে উন্নয়ন কার্যক্রমে সর্বোচ্চ চেষ্টা করার আশ্বাস দেন তিনি।
তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে পরিকল্পনার কথা বলেছেন, কুমিল্লার জন্যও তেমন পরিকল্পনা রয়েছে। গণতান্ত্রিক সরকার ছাড়া দেশ সঠিকভাবে পরিচালিত হতে পারে না—এমন মন্তব্য করে তিনি অতীত অভিজ্ঞতার কথাও উল্লেখ করেন।
বেগম খালেদা জিয়াকে স্মরণ করে মনিরুল হক চৌধুরী বলেন, তিনি গণতন্ত্রপন্থি মানুষের নেত্রী ছিলেন এবং আপোষহীন নেতৃত্ব দিয়েছেন। তিনি আশাবাদ ব্যক্ত করেন, তার নেতৃত্বের অনুপ্রেরণায় বিএনপি আগামীর বাংলাদেশ গঠনে ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে কেন্দ্রীয় ও স্থানীয় বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। দোয়া মাহফিল শেষে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।