গরিবের চাল আত্মসাতের অভিযোগে শেরপুরে টিসিবির ডিলার আটক

জান্নাতুল বাকী, শেরপুর
প্রকাশ: ৩ মাস আগে

শেরপুরে অবৈধভাবে মজুত রাখা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-এর চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন ও পুলিশ। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেল ৩টায় শহরের শেখহাটি বাজারে পরিচালিত অভিযানে ২৪৮ বস্তায় প্রায় সাড়ে ৭ টন চাল উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে আটক করা হয় টিসিবি ডিলার নজরুল ইসলামকে (৩৫)।

সদর উপজেলা প্রশাসন জানায়, দীর্ঘদিন ধরে ডিলার নজরুল ইসলাম শেখহাটি বাজারে টিসিবির পণ্য বিক্রি করলেও গ্রাহকদের বরাদ্দের চাল না দিয়ে সেগুলো গোপনে ‘জান্নাত এন্টারপ্রাইজ’ নামের একটি দোকানে মজুত করছেন—এমন অভিযোগের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানের নেতৃত্ব দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মাহমুদ ভুঁইয়া।

অভিযান শেষে জব্দ করা ২৪৮ বস্তা চাল থানায় জমা দেওয়া হয় এবং ডিলার নজরুল ইসলামকে আটক করে পুলিশ।

শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুবায়দুল আলম বলেন, “টিসিবির চাল অবৈধভাবে মজুতের অভিযোগে নজরুল ইসলামকে আটক করা হয়েছে। তদন্ত চলছে, প্রমাণ মিললে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। প্রশাসন জানিয়েছে, টিসিবির পণ্য নিয়ে যেকোনো ধরনের অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা অব্যাহত থাকবে।

error: Content is protected !!