গাইবান্ধায় সন্দেহভাজন ঘটনায় দুইজনের মৃত্যু

মো:লিংকন আহমেদ | গাইবান্ধা প্রতিনিধি::
প্রকাশ: ৭ ঘন্টা আগে

গাইবান্ধার সাদুল্লাহপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনির ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার খোদ্দ মোজাহিদপুর গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, তিন সদস্যের একটি ছিনতাইকারী দল ইদিলপুর ইউনিয়নের মাদারহাট ব্রিজ এলাকায় অবস্থান করলে স্থানীয়দের সন্দেহ হয়। একপর্যায়ে এলাকাবাসী তাদের ধাওয়া করলে মোটরসাইকেলযোগে পালানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি পুকুরে পড়ে যায় তারা।

ভোররাতে সেহরির সময় ডাকাতির গুজব ছড়িয়ে পড়লে উত্তেজিত স্থানীয় লোকজন লাঠিসোঁটা নিয়ে ঘটনাস্থলে জড়ো হন। পুকুর থেকে দুইজনকে উদ্ধার করে বিক্ষুব্ধ জনতা মারধর করলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। দলের অপর এক সদস্য অন্ধকারের সুযোগে পালিয়ে যেতে সক্ষম হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের প্রস্তুতি নেওয়া হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

error: Content is protected !!