গাছা থানায় প্রকাশ্যে নকল সিগারেট বিক্রির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ চান এলাকাবাসী

মাহাবুল ইসলাম, গাজীপুর
প্রকাশ: ১ মাস আগে

গাজীপুর সিটি কর্পোরেশনের গাছা থানাধীন এলাকায় প্রকাশ্যে ও নির্বিঘ্নে নকল সিগারেটের ব্যবসা চলছে—এমন অভিযোগ উঠেছে স্থানীয় সচেতন নাগরিকদের পক্ষ থেকে। প্রশাসনের চোখের সামনেই দীর্ঘদিন ধরে এই অবৈধ কার্যক্রম চললেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ করা হচ্ছে।

স্থানীয়দের অভিযোগ অনুযায়ী, গাছা থানার ৩৮ নম্বর ওয়ার্ডের দক্ষিণ খাইলকুর এলাকার বাহার মার্কেটে নকল সিগারেট বিক্রির একটি চক্র সক্রিয় রয়েছে। অভিযুক্ত হিসেবে মো. কাউসার মোল্লার নাম উঠে এসেছে, যার ব্যবসা প্রতিষ্ঠানটি ওই মার্কেটেই অবস্থিত। ঘটনাটি অনুসন্ধান করতে গিয়ে গণমাধ্যমকর্মীদের কাছে বক্তব্য দেন মোহাম্মদ সায়েম মোল্লা। তিনি নিজেকে নতুন ব্যবসায়ী দাবি করে বলেন, এ বিষয়ে তার তেমন ধারণা নেই। তবে পণ্য বিক্রির ক্ষেত্রে কোনো বৈধ মেমো বা কাগজপত্র না থাকার বিষয়টি তিনি স্বীকার করেন। তিনি বলেন, “মেমো ছাড়া পণ্য বিক্রি করা যে অপরাধ—তা আমি জানি।”

প্রশ্নবিদ্ধ অবস্থায় তিনি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন এবং ফোনে তার বড় ভাইকে বিষয়টি জানান। পুরো ঘটনাটি উপস্থিত একাধিক গণমাধ্যমকর্মী প্রত্যক্ষ করেন। এ বিষয়ে মানবাধিকার সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলা হলে তারা জানান, নকল সিগারেট উৎপাদন ও বিক্রি আইনত দণ্ডনীয় অপরাধ। আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের সমন্বিত অভিযানের মাধ্যমে এ ধরনের অবৈধ ব্যবসা বন্ধ করা সম্ভব।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা সতর্ক করে জানান, নকল ও ভেজাল সিগারেট জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি। এসব পণ্যের কারণে কিডনি ও লিভারের ক্ষতি, শ্বাসতন্ত্রের জটিলতা এবং ফুসফুস ক্যানসারের ঝুঁকি বহুগুণে বেড়ে যায়।
এলাকাবাসীর দাবি, ভেজাল ও নকল পণ্যের বিরুদ্ধে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, গণমাধ্যম এবং সেবামূলক প্রতিষ্ঠানগুলোর সমন্বিত উদ্যোগ জরুরি। দ্রুত কার্যকর ব্যবস্থা না নেওয়া হলে জনস্বাস্থ্য ও আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও অবনতির আশঙ্কা রয়েছে।

error: Content is protected !!