গাজীপুরে গ্রেপ্তার অভিযানে পুলিশের ওপর হামলা

দেশ এডিশন ডেস্ক | বিশেষ প্রতিনিধি: আনিসুর রহমান
প্রকাশ: ৩ ঘন্টা আগে

গাজীপুরের শ্রীপুরে ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার করতে গিয়ে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ সময় হ্যান্ডকাফসহ দুই আসামিকে ছিনিয়ে নেওয়া হয়। হামলায় টাঙ্গাইল সদর ও শ্রীপুর থানার মোট ১১ জন পুলিশ সদস্য আহত হন।

রোববার (১ মার্চ) রাত আনুমানিক ৮টার দিকে শ্রীপুর উপজেলা-র গাজীপুর ইউনিয়নের নিজমাওনা গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, টাঙ্গাইল সদর থানা-র একটি অপহরণ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তারের লক্ষ্যে ছয় সদস্যের একটি দল শ্রীপুরে আসে। তারা শ্রীপুর থানা পুলিশের সহায়তায় নিজমাওনা এলাকার মনির হোসেন (৫০) ও তার ছেলে আদিল (২২)-কে আটক করে হ্যান্ডকাফ পরিয়ে পুলিশের গাড়িতে তোলার চেষ্টা করে।

এ সময় বাড়ির লোকজন ‘ডাকাত’ ও ‘ভুয়া পুলিশ’ এসেছে বলে চিৎকার করলে আশপাশের লোকজন জড়ো হয়ে রাস্তা অবরোধ করে। পরে তারা পুলিশের ওপর হামলা চালায়। এতে ছয়জন পুলিশ সদস্য প্রথমে আহত হন এবং হ্যান্ডকাফসহ দুই আসামিকে ছিনিয়ে নেওয়া হয়। অভিযোগ রয়েছে, আসামিপক্ষের কয়েকজন নারী সদস্যও পুলিশের ওপর হামলায় অংশ নেন।

খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযান পরিচালনা করে। স্থানীয়দের সহযোগিতায় পুনরায় মনির হোসেন ও আদিলকে গ্রেপ্তার করা হয়। এ সময় হামলায় জড়িত সন্দেহে দুই নারীকে আটক করা হয়েছে।
মোহাম্মদ নাছির আহমদ, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), শ্রীপুর থানা জানান—“অভিযান পরিচালনা করে আসামিদের পুনরায় গ্রেপ্তার করা হয়েছে। আহত পুলিশ সদস্যদের হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”

আহত ১১ পুলিশ সদস্যকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

error: Content is protected !!