গাজীপুরে যাত্রীবাহী বাসে আগুন: মোটরসাইকেলে এসে দুর্বৃত্তদের হামলা

নিজস্ব প্রতিবেদক | দেশ এডিশন
প্রকাশ: ৩ মাস আগে

গাজীপুরে দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১১ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে চন্দ্রা-নবীনগর সড়কের চক্রবর্তী এলাকার জ্যেতি সিএনজি ফিলিং স্টেশনের সামনে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ওই সময় একটি বাস পাম্পের পাশে দাঁড়িয়ে ছিল। বাসের নিচে একজন মিস্ত্রি মেরামতের কাজ করছিলেন। হঠাৎ মোটরসাইকেলযোগে দুই দুর্বৃত্ত এসে বাসের পাশে থামে। তারা মুহূর্তের মধ্যে পেট্রোল ঢেলে বাসে আগুন ধরিয়ে দেয় এবং দ্রুত পালিয়ে যায়।

পরে আশপাশের লোকজন দৌড়ে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। স্থানীয়দের তৎপরতায় আগুন বড় আকার ধারণের আগেই নিয়ন্ত্রণে আসে। এতে বাসের কয়েকটি আসন ও যন্ত্রাংশ পুড়ে যায়, তবে বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

খবর পেয়ে কাশিমপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, “মোটরসাইকেল নিয়ে দুর্বৃত্তরা এসে বাসটিতে আগুন দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনে। এতে বাসের কিছু অংশ পুড়েছে, তবে কেউ আহত হয়নি। বিষয়টি আমরা তদন্ত করছি।”

পুলিশ বলছে, দুর্বৃত্তদের শনাক্তে আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহের চেষ্টা চলছে।

দেশ এডিশন মাঠে রয়েছে ঘটনাস্থলের সর্বশেষ তথ্য সংগ্রহে।

error: Content is protected !!