ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাজীপুর-২ (সদর–টঙ্গী) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাখিল করা আলহাজ্ব সালাহউদ্দিন সরকারের মনোনয়নপত্র আপিল শুনানিতে বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এ সিদ্ধান্তের পর তিনি সন্তোষ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
আলহাজ্ব সালাহউদ্দিন সরকার বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) শ্রমিকদল কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি এবং গাজীপুর মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
প্রতিক্রিয়ায় তিনি বলেন, আপিল শুনানিতে মনোনয়নপত্র বৈধ ঘোষণার সিদ্ধান্ত তার রাজনৈতিক জীবনে একটি গুরুত্বপূর্ণ অর্জন। তিনি মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করার পাশাপাশি নির্বাচন কমিশনের প্রতি ধন্যবাদ জানান—স্বচ্ছতা ও নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের জন্য।
তিনি আরও বলেন, “এই সিদ্ধান্ত আমাকে জনগণের প্রতি আরও দায়বদ্ধ করেছে। আমি বিশ্বাস করি, জনগণের আস্থা ও দোয়া নিয়েই সামনে এগিয়ে যেতে পারবো। নির্বাচিত হলে জনগণের অধিকার রক্ষা, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং গাজীপুর-২ আসনের উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করব।”
তিনি আশা প্রকাশ করেন, গণতান্ত্রিক ধারায় একটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে এবং জনগণ ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাবেন। এ সময় তিনি গাজীপুরবাসীর সহযোগিতা ও দোয়া কামনা করেন।