হালুয়াঘাট উপজেলার ঘোষবেড় ক্যাথলিক প্রাথমিক বিদ্যালয়ে শনিবার (৫ এপ্রিল ২০২৬) কবি পলাশ চিছামের প্রথম কাব্যগ্রন্থ ‘ভালোবাসার বাহারি রং’-এর পাঠ উন্মোচন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
প্রকাশনা সংস্থা থকবিরিমের আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সহযোগিতা করে হালুয়াঘাট দর্পণ, থেংশুয়া যুব সংঘ এবং ঘোষবেড় গ্রামবাসী।
অনুষ্ঠানের শুরুতে আমন্ত্রিত অতিথিদের ফুলেল শুভেচ্ছার মাধ্যমে বরণ করা হয়। এরপর কবি পলাশ চিছামকে নিয়ে নির্মিত একটি সংক্ষিপ্ত ডকুফিল্ম প্রদর্শন করা হয়। অনুষ্ঠানের বিশেষ পর্বে কবিসহ মঞ্চে উপস্থিত অতিথিদের উত্তরীয় পরিয়ে সম্মাননা জানানো হয়। এ সময় গারো সম্প্রদায়ের ঐতিহ্যবাহী পোশাক ‘কুটি’ এবং সম্মানের প্রতীক ‘খতুপ’ (পাগড়ি) পরিয়ে কবিকে সংবর্ধনা দেওয়া হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গারো জাতিসত্তার বিশিষ্ট কবি ও গবেষক মতেন্দ্র মানখিন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাহমুদ আবদুল্লাহ ও মুর্ছনা মানখিন।
আলোচনা পর্বে বক্তব্য দেন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বেঞ্জামিন চিছাম, প্রবীণ শিক্ষক মানিকরাম বেনবংশী (ক্ষীরমোহন), কবি প্রাঙ্গণ বাংলাদেশের সভাপতি কবিরাজ জালাল উদ্দীন আহমদ, স্বাধীনতা পদকপ্রাপ্ত লেখক ও গবেষক অরণ্য ই চিরান, বিরিশিরি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কালচারাল একাডেমির পরিচালক কবি পরাগ রিছিল, কবি ও লেখক তারিকুল ইসলাম চঞ্চল সরকার এবং দৈনিক আজকের প্রভাত পত্রিকার সিনিয়র রিপোর্টার শাহ দেলোয়ার হোসেন প্রমুখ। স্বাগত বক্তব্য দেন নিপুণ দ্রং।
অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে গারো দলীয় নৃত্য পরিবেশন করেন শ্রেয়া, অর্পিতা, অনামিকা ও সিমলা। কবিতা আবৃত্তি করেন রেনুকা রিছিল। এছাড়া বাংলা নৃত্য পরিবেশন করেন শ্রেয়া চিছাম এবং গারো নৃত্য পরিবেশন করেন সেংমি ও শুক্লা চিছাম। অনুষ্ঠানের শেষপর্বে নিজের অনুভূতি ব্যক্ত করেন কাব্যগ্রন্থটির রচয়িতা কবি পলাশ চিছাম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কবি কমল ভদ্র, আবু তাহের আকন্দ, কমল দেবনাথ, শক্তি শংকর ঘোষ, মো. নজরুল ইসলাম, গিয়াস কামাল, সারোয়ার জাহান সুমন, সুমন আহাম্মেদ, রিফাত জামিল তান্না এবং হুমায়ুন কবীর খানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সাহিত্য ও সংস্কৃতির সমন্বয়ে আয়োজিত এ অনুষ্ঠানটি উপস্থিত দর্শক-শ্রোতাদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে।