গৌরীপুর এলাকায় এক বিএনপি নেতাকে জোরপূর্বক মাথা ন্যাড়া করে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। ঘটনাটি বুধবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের ২ নম্বর রেলক্রসিং সংলগ্ন নতুন বাসস্ট্যান্ড এলাকায় ঘটেছে বলে জানা গেছে।
অভিযোগের শিকার আব্দুল মান্নান তালুকদার জানান, সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৩ আসনে ঘোড়া প্রতীকের প্রার্থীর পক্ষে কাজ করায় তাকে টার্গেট করা হয়। তিনি বলেন, দুপুর আনুমানিক ২টা ১৫ মিনিটে ব্যক্তিগত কাজে সিএনজি অটোরিকশাযোগে ময়মনসিংহের উদ্দেশে রওনা হলে রেলক্রসিং পার হওয়ার পর কয়েকজন তাকে জোরপূর্বক গাড়ি থেকে নামান।
তার দাবি, পরে তাকে পাশের একটি সেলুনে নিয়ে গিয়ে একটি চেয়ারে বসিয়ে মাথার চুল কেটে সম্পূর্ণ ন্যাড়া করা হয়। এমনকি ভ্রুও কেটে দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি। এ সময় তাকে শারীরিক ও মানসিকভাবে হেনস্তা করা হয় বলেও জানান। ঘটনার পরপরই তিনি ভয়ে বিষয়টি প্রকাশ না করলেও পরে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি ছড়িয়ে পড়লে বিষয়টি আলোচনায় আসে। ঘোড়া প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আহাম্মদ তায়েবুর রহমান এ ঘটনার নিন্দা জানিয়ে সামাজিক মাধ্যমে প্রতিক্রিয়া ব্যক্ত করেন।
অন্যদিকে, অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত হিসেবে নাম আসা স্থানীয় এক কৃষকদল নেতা। তিনি বলেন, এটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও ভিত্তিহীন অভিযোগ। তার দাবি, “আমাদের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে একটি মহল পরিকল্পিতভাবে মিথ্যা তথ্য ছড়াচ্ছে।”
বাংলাদেশ জাতীয়তাবাদী দল–এর ময়মনসিংহ জেলা পর্যায়ের এক নেতা বলেন, বিষয়টি তাদের নজরে এসেছে। ঘটনার সত্যতা যাচাই করে প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনায় এলাকায় রাজনৈতিক উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় সচেতন মহল নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটনের দাবি জানিয়েছেন।