চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় ইটের আঘাতে এক ব্যক্তির মৃত্যুর ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযুক্ত একজনকে স্থানীয়রা আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে।
নিহত মোহাম্মদ দিদার (৫০) পটিয়া উপজেলার জিরি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বলে জানা গেছে। শুক্রবার (১০ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কর্ণফুলী উপজেলার মইজ্জারটেক এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত ব্যক্তি চট্টগ্রাম নগরীর রেয়াজুদ্দিন বাজারে একটি পাইকারি ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। ঘটনার সময় তিনি গ্রামের বাড়ি থেকে নগরীর দিকে ফিরছিলেন। এ সময় অভিযুক্ত ব্যক্তির সঙ্গে তার কথাকাটাকাটি ও ধস্তাধস্তির ঘটনা ঘটে। একপর্যায়ে তিনি মাটিতে পড়ে গিয়ে গুরুতর আঘাত পান।
পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানা গেছে। ঘটনার পর স্থানীয়রা অভিযুক্ত মো. তৈয়ব (৫০)-কে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে। নিহতের স্বজনরা ঘটনাটির সুষ্ঠু তদন্ত ও দোষীর বিচার দাবি করেছেন।
এ বিষয়ে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর রহমান জানান, প্রাথমিকভাবে জানা গেছে পূর্বের আর্থিক লেনদেন সংক্রান্ত বিরোধের জেরে দুইজনের মধ্যে সংঘর্ষ হয়। বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।