চট্টগ্রামে বর্ণাঢ্য আয়োজনে শুরু স্বাধীনতা বইমেলা–২০২৬

স্টাফ রিপোর্টার | দেশ এডিশন:
প্রকাশ: ৩৭ minutes ago


চট্টগ্রাম নগরীতে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ১৯ দিনব্যাপী ‘স্বাধীনতা বইমেলা–২০২৬’। মঙ্গলবার (৩১ মার্চ ২০২৬) বিকেল ৪টায় কাজীর দেউড়ি জেলা স্টেডিয়াম সংলগ্ন জিমনেসিয়াম মাঠে আয়োজিত এই মেলার উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার ড. মো. জিয়া উদ্দিন, চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনার হাসিব আজিজ এবং ডিআইজি (চট্টগ্রাম রেঞ্জ) মো. মনিরুজ্জামানসহ বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গ।

আয়োজকরা জানান, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে আয়োজিত এ বইমেলায় মোট ১২৯টি স্টল স্থান পেয়েছে। এর মধ্যে ৩৫টি ডাবল স্টল এবং ৯৪টি সিঙ্গেল স্টল রয়েছে। ঢাকা ও চট্টগ্রামের মোট ১১২টি স্বনামধন্য প্রকাশনা প্রতিষ্ঠান এতে অংশগ্রহণ করছে।

মেলা প্রতিদিন সাধারণ দিনে বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত এবং সাপ্তাহিক ছুটির দিনে সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে। আগামী ১৮ এপ্রিল মেলার সমাপ্তি হবে।

উদ্বোধনী দিনেই দেশের বিশিষ্ট গুণীজনদের মাঝে ‘স্বাধীনতা সম্মাননা পুরস্কার’ প্রদান করা হয়েছে। এছাড়া প্রতিদিন মেলা প্রাঙ্গণে সাহিত্য আড্ডা, আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন রাখা হয়েছে।

আয়োজকরা আরও জানান, জাতীয় নির্বাচন ও পবিত্র রমজান মাসের কারণে এবার প্রচলিত সময় ফেব্রুয়ারির পরিবর্তে স্বাধীনতার মাস মার্চে এই বইমেলার আয়োজন করা হয়েছে।

বইপ্রেমীদের জন্য এবারের স্বাধীনতা বইমেলা জ্ঞানচর্চা, সংস্কৃতি ও সৃজনশীলতার এক মিলনমেলায় পরিণত হবে বলে আশা প্রকাশ করেছেন আয়োজকরা।

error: Content is protected !!