চট্টগ্রাম-৯ আসনে জামায়াত প্রার্থীর মনোনয়ন আপিলেও বাতিল

স্টাফ রিপোর্টার │ দেশ এডিশন
প্রকাশ: ১ মাস আগে

চট্টগ্রাম-৯ সংসদীয় আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ডা. এ কে এম ফজলুল হক-এর মনোনয়ন আপিল শুনানিতেও বাতিল হয়েছে। দ্বৈত নাগরিকত্ব সংক্রান্ত জটিলতা থাকায় নির্বাচন কমিশন (ইসি) রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্ত বহাল রেখেছে বলে জানা গেছে।

সোমবার (১২ জানুয়ারি) নির্বাচন ভবনে অনুষ্ঠিত আপিল শুনানিতে উভয়পক্ষের যুক্তিতর্ক শোনার পর ইসি রিটার্নিং অফিসারের আগের সিদ্ধান্ত অনুযায়ী ডা. ফজলুল হকের প্রার্থিতা বহালভাবে বাতিল রাখে।

শুনানি শেষে ডা. ফজলুল হক সাংবাদিকদের বলেন, “আমার প্রতি বৈষম্য করা হয়েছে। দ্বৈত নাগরিকত্বের বিষয়ে অন্য প্রার্থীদের ক্ষেত্রে কাগজপত্র ছাড়াই বৈধতা দেয়া হয়েছে। রিটার্নিং অফিসারের মত নির্বাচন কমিশনও আমার প্রার্থিতা বহাল রাখেনি। আইনজীবীর সঙ্গে পরামর্শ করে পরবর্তী পদক্ষেপ হিসেবে আদালতে যাওয়ার বিষয়টি বিবেচনা করব।”

এর আগে গত ৪ জানুয়ারি মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা ও চট্টগ্রাম বিভাগীয় কমিশনার জিয়াউদ্দীন ডা. ফজলুল হকের মনোনয়ন বাতিল ঘোষণা করেন।

নির্বাচনী সংশ্লিষ্ট সূত্র জানায়, ডা. ফজলুল হক হলফনামায় যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ত্যাগ করার কথা উল্লেখ করলেও এ বিষয়ে সমর্থনযোগ্য প্রমাণপত্র/ডকুমেন্ট জমা দেননি। তিনি দাবি করেন, গত ২৮ ডিসেম্বর তিনি যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ত্যাগ করেছেন।

এদিকে ইসি সূত্র জানায়, সোমবার ১৪১ থেকে ১৬৪ নম্বর পর্যন্ত মোট ২৩টি আপিল শুনানি অনুষ্ঠিত হয়। এর মধ্যে ১২ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে, ৮ জনের মনোনয়ন বাতিল করা হয়েছে এবং ১টি বিষয়ে সিদ্ধান্ত ঝুলে আছে। এছাড়া ২টি আপিলের শুনানি হয়নি। অপরদিকে সীমানা জটিলতার কারণে পাবনার দুটি আসনের নির্বাচন স্থগিত রয়েছে।

error: Content is protected !!