চরফ্যাশনে ফ্যামিলি কার্ড বিতরণ শুরু, পেল ২৮৮ পরিবার

মোঃ আল আমিন:
প্রকাশ: ৫ ঘন্টা আগে

ভোলার চরফ্যাশন উপজেলার আসলামপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে ২৮৮টি পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়েছে। দেশের বিভিন্ন স্থানের ১৪টি ওয়ার্ডে একযোগে এই কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার (১১ মার্চ) বেলা ১১টায় চরফ্যাশন উপজেলা হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রম শুরু হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও ভোলা-৪ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম নয়ন।

এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ডা. শামীম রহমান, পুলিশ সুপার মো. শহীদুল্লাহ কাউছার, চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লোকমান হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে আসলামপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের নির্বাচিত ২৮৮টি পরিবারের হাতে আনুষ্ঠানিকভাবে ফ্যামিলি কার্ড তুলে দেন অতিথিরা। কার্ড পেয়ে উপকারভোগী পরিবারগুলো সন্তোষ ও আনন্দ প্রকাশ করেন।

প্রধান অতিথির বক্তব্যে নুরুল ইসলাম নয়ন বলেন, নির্বাচনের আগে দেশনায়ক তারেক রহমান দেশ ও জাতি গঠনের লক্ষ্যে ৩১ দফা কর্মসূচির যে রূপরেখা ঘোষণা করেছিলেন, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাওয়ার পর ধাপে ধাপে তা বাস্তবায়নের কাজ শুরু হয়েছে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ হবে ন্যায় ও নীতিনিষ্ঠ একটি ইনসাফভিত্তিক রাষ্ট্র। সেই লক্ষ্য বাস্তবায়নে দল-মত নির্বিশেষে সকলের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন। নতুন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

  • #ফ্যামিলি_কার্ড
  • error: Content is protected !!