মহাসড়কে চাঁদাবাজদের তাণ্ডব, আহত সাংবাদিকরা

সফিকুল ইসলাম প্রধান, বিশেষ প্রতিনিধি :
প্রকাশ: ২ সপ্তাহ আগে

নরসিংদীর পাঁচদোনায় চাঁদা দাবির প্রতিবাদ করায় সন্ত্রাসীদের হামলায় ঢাকার ১০ সাংবাদিক আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হয়। এদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

সোমবার (২৬ জানুয়ারি ২০২৬) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে ঢাকা–সিলেট মহাসড়কের পাশে ড্রিম হলিডে পার্কের সামনে এ ঘটনা ঘটে।

জানা গেছে, আহত সাংবাদিকরা বিভিন্ন গণমাধ্যমে অপরাধবিষয়ক প্রতিবেদক হিসেবে কর্মরত। আহতদের মধ্যে রয়েছেন— বাংলাভিশনের ফয়েজ আহমেদ, গাজী টেলিভিশনের মহসিন কবির, খবর সংযোগের শাহেদ আহমেদ, সাংবাদিক শাখাওয়াত কাউসার এবং ক্র্যাবের স্টাফ লাল মিয়াসহ মোট ১০ জন।

সূত্র জানায়, বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব)-এর সদস্যরা সোমবার ঢাকা থেকে নরসিংদীর ড্রিম হলিডে পার্কে ‘ফ্যামিলি ডে’ উদ্‌যাপন করতে যান। অনুষ্ঠান শেষে ঢাকায় ফেরার সময় পার্কের সামনে মহাসড়কের পাশে রাখা গাড়িতে ওঠার মুহূর্তে স্থানীয় সন্ত্রাসীরা তাদের কাছে চাঁদা দাবি করে। এ সময় সাংবাদিকরা প্রতিবাদ করলে সন্ত্রাসীরা তাদের ও তাদের পরিবারের সদস্যদের ওপর চড়াও হয় এবং একপর্যায়ে হামলা চালায়।

এ বিষয়ে ক্র্যাবের সাধারণ সম্পাদক ও বাংলা টিভির হেড অব নিউজ এম এম বাদশা বলেন, “ফ্যামিলি ডে উদ্‌যাপন শেষে ঢাকায় ফেরার পথে একদল সন্ত্রাসী আমাদের গাড়ি আটকে চাঁদা দাবি করে। আমরা প্রতিবাদ করলে আমাদের ওপর হামলা চালানো হয়। এতে আমাদের পরিবারের সদস্যরা ভীত হয়ে পড়ে, নারী ও শিশুরা কান্নাকাটি করতে থাকে।”

মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামাল হোসেন জানান, সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় স্থানীয় মো. আলাল সরকার ও রনি মিয়া নামে দুজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।

error: Content is protected !!