নোয়াখালীর চাটখিল উপজেলায় দুইটি তাজা কার্তুজসহ মো. নাঈম ইসলাম (৩২) নামে এক যুবদল নেতাকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।
সোমবার (২৬ জানুয়ারি) দিবাগত রাতে চাটখিল পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের সুন্দরপুর গ্রামে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত নাঈম ইসলাম ওই গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি চাটখিল পৌর যুবদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী।
অভিযান সংশ্লিষ্ট সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চাটখিল পাঁচগাঁও ক্যাম্পের লেফটেন্যান্ট কর্নেল মো. সাইফুল ইসলাম ভূঁইয়ার নেতৃত্বে যৌথবাহিনী এ অভিযান পরিচালনা করে। এ সময় নাঈম ইসলামের কাছ থেকে দুইটি তাজা কার্তুজ উদ্ধার করা হয়। পরে তাকে চাটখিল থানায় হস্তান্তর করা হয়।
চাটখিল থানার পরিদর্শক (তদন্ত) মো. আবদুস সুলতান বিষয়টি নিশ্চিত করে জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলায় তাকে আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।