চায়না ইকোনমিক জোনে কিছু যন্ত্রাংশ অনুপস্থিত

রুপন দত্ত | ‎আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ২১ minutes ago

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় অবস্থিত চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোনে সশস্ত্র ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় দায়িত্বরত নিরাপত্তাকর্মীদের অস্ত্রের মুখে জিম্মি করে বিভিন্ন গাড়ির গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ লুট করে নিয়ে যায় ডাকাতরা।

শুক্রবার (৬ মার্চ) গভীর রাতে আনোয়ারা থানাধীন ১ নম্বর বৈরাগ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মোহাম্মদপুর এলাকায় অবস্থিত ইকোনমিক জোনের ভেতরে এ ঘটনা ঘটে।

মামলার সূত্রে জানা যায়, গভীর রাতে অজ্ঞাতনামা একদল সশস্ত্র ব্যক্তি আগ্নেয়াস্ত্র, রামদা, ছুরি ও লোহার রড নিয়ে পশ্চিম পাশের সীমানা প্রাচীরবিহীন অংশ দিয়ে ইকোনমিক জোনে প্রবেশ করে। পরে তারা দায়িত্বরত নিরাপত্তাকর্মীদের অস্ত্রের মুখে জিম্মি করে পেছন থেকে বেঁধে ফেলে এবং বিভিন্ন ভারী যানবাহনের যন্ত্রাংশ লুট করে নিয়ে যায়।

লুট হওয়া মালামালের মধ্যে ডাম্প ট্রাক, এক্সকাভেটর, রোলার মেশিন ও ডোজারের নতুন ও পুরোনো গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ রয়েছে। এসব যন্ত্রাংশের আনুমানিক মূল্য প্রায় ৬ লাখ টাকা বলে জানা গেছে।

চায়না ইকোনমিক জোনের সিকিউরিটি ইনচার্জ মোহাম্মদ আলী জানান, ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং বিষয়টি নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

এ বিষয়ে ইকোনমিক জোনের দায়িত্বশীল ইঞ্জিনিয়ার শাহেদ বলেন, বিভিন্ন গাড়ির যন্ত্রাংশ সংরক্ষণ করে রাখা ছিল। সশস্ত্র ডাকাতরা নিরাপত্তাকর্মীদের জিম্মি করে সেগুলো লুট করে নিয়ে গেছে।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, এ ঘটনায় থানায় একটি মামলা রেকর্ড করা হয়েছে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করছে পুলিশ এবং জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

error: Content is protected !!