চিকিৎসার জন্য আজ সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে শরীফ ওসমান হাদিকে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২ মাস আগে

জুলাই বিপ্লবের অগ্রনায়ক ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য আজ সোমবার সিঙ্গাপুরে পাঠানো হচ্ছে। দুপুরে একটি বিশেষ মেডিকেল এয়ার অ্যাম্বুলেন্সে তাকে সিঙ্গাপুর নেওয়ার প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

এর আগে হাদির চিকিৎসার জন্য সিঙ্গাপুর, থাইল্যান্ড ও মালয়েশিয়ার কয়েকটি হাসপাতালের সঙ্গে যোগাযোগ করা হয়। পরিবারের পক্ষ থেকে থাইল্যান্ডে নেওয়ার বিষয়ে আগ্রহ থাকলেও চিকিৎসকদের মতামত ও সার্বিক পরিস্থিতি বিবেচনায় সিঙ্গাপুর জেনারেল হাসপাতালকে চূড়ান্ত করা হয়েছে।

রোববার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নির্দেশনায় এ বিষয়ে একটি জরুরি কল কনফারেন্স অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী, প্রধান উপদেষ্টার স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমান, এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক ডা. জাফর ইকবাল এবং হাদির ভাই ওমর বিন হাদি। বৈঠক শেষে তাকে সিঙ্গাপুরে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

অধ্যাপক ডা. সায়েদুর রহমান প্রধান উপদেষ্টাকে জানান, হাদির শারীরিক অবস্থা বর্তমানে অপরিবর্তিত রয়েছে এবং সংকটাপন্ন। তবে সিঙ্গাপুরে নেওয়ার জন্য প্রয়োজনীয় মেডিকেল এয়ার অ্যাম্বুলেন্স, বিশেষজ্ঞ চিকিৎসক দল ও ভ্রমণসংক্রান্ত সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের অ্যাক্সিডেন্ট ও ইমার্জেন্সি বিভাগে তার চিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। হাদির চিকিৎসাসংক্রান্ত সব ব্যয় রাষ্ট্রীয়ভাবে বহন করা হবে।

এদিকে, চিকিৎসা বোর্ড জানিয়েছে, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদির অবস্থা এখনো অত্যন্ত আশঙ্কাজনক। কিডনি ও ফুসফুসের কার্যক্রম সচল থাকলেও মস্তিষ্কে অক্সিজেন স্বল্পতার কারণে সর্বোচ্চ ঝুঁকি রয়ে গেছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের আবাসিক চিকিৎসক ও ন্যাশনাল হেলথ অ্যালায়েন্সের সদস্য সচিব আবদুল আহাদ জানান, সর্বশেষ সিটি স্ক্যানে মস্তিষ্কে অক্সিজেনস্বল্পতা ও ফোলাভাব বৃদ্ধি পাওয়ার তথ্য পাওয়া গেছে, যা উদ্বেগজনক।

মেডিকেল বোর্ডের পক্ষ থেকে জানানো হয়, রোগীর কিডনির কার্যক্ষমতা আপাতত বজায় রয়েছে এবং কিছু শারীরিক সূচক নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। রক্তচাপ, হৃদযন্ত্রের স্থিতিশীলতা ও অন্যান্য জটিলতা নিয়ন্ত্রণে প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা অব্যাহত রয়েছে।

চিকিৎসকরা জানান, হাদির সার্বিক অবস্থা এখনো অত্যন্ত সংকটাপন্ন হলেও সর্বোচ্চ পেশাদারিত্ব ও সমন্বয়ের মাধ্যমে তার চিকিৎসা চালিয়ে যাওয়া হচ্ছে। এদিকে, প্রধান উপদেষ্টা সংশ্লিষ্টদের সার্বক্ষণিক খোঁজখবর রাখার নির্দেশ দিয়েছেন এবং হাদির দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন।

error: Content is protected !!