ছাতকে নানা আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

নিজস্ব প্রতিবেদক:
প্রকাশ: ৩৬ minutes ago

যথাযোগ্য মর্যাদা ও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে সুনামগঞ্জের ছাতক উপজেলায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে সূর্যোদয়ের সাথে প্রতীকী কর্মসূচির মাধ্যমে দিনের কার্যক্রম শুরু হয়। পরে শহরতলীর মাধবপুর এলাকায় অবস্থিত ‘শিখা সতেরো’ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দেশের বীর সন্তানদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।
দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল জাতীয় পতাকা উত্তোলন, ছাতক মিনি স্টেডিয়ামে কুচকাওয়াজ, ডিসপ্লে প্রদর্শনী, পুরস্কার বিতরণ, বিশেষ দোয়া ও প্রার্থনা। এছাড়াও প্রীতি ফুটবল ম্যাচ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাতক-দোয়ারাবাজার আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ডিপ্লোমেসি চাকমার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিত্ব, মুক্তিযোদ্ধা, সাংবাদিক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ করা হয় এবং দেশের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
এছাড়াও দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করে।

error: Content is protected !!