ছাতকে প্রশাসন–জনপ্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার | দেশ এডিশন
প্রকাশ: ৩৪ minutes ago

সুনামগঞ্জ-৫ (ছাতক–দোয়ারাবাজার) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন ছাতক উপজেলা প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় রাজনৈতিক নেতাদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন। সভায় তিনি ছাতক–দোয়ারাবাজারকে চাঁদাবাজি, সন্ত্রাস, দুর্নীতি ও মাদকমুক্ত এলাকা হিসেবে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন।

বুধবার (৪ মার্চ) সকালে ছাতক উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ডিপ্লোমেসি চাকমা। সভা পরিচালনা করেন উপজেলা প্রশাসনিক কর্মকর্তা রইছ উদ্দিন।

প্রধান অতিথির বক্তব্যে এমপি মিলন বলেন, “আমরা দুর্নীতিমুক্ত সমাজ গড়তে চাই। সড়ক ও নৌপথে চাঁদাবাজি, ছিনতাই, চুরি-ডাকাতি, চোরাই ব্যবসাসহ সব ধরনের অন্যায়-অপকর্ম বন্ধে প্রশাসনের সঙ্গে সমন্বিতভাবে কাজ করা হবে।” তিনি আরও বলেন, এলাকার মানুষ শান্তি ও নিরাপত্তার সঙ্গে বসবাস করতে চায়। উন্নয়ন ও জননিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের সব বিভাগের সঙ্গে সমন্বয় জোরদার করা হবে।

সভায় বক্তব্য দেন সিনিয়র সহকারী পুলিশ সুপার শেখ মুরসালিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুসরাত আরেফিন, উপজেলা কৃষি কর্মকর্তা তৌফিক হোসেন খান, মৎস্য কর্মকর্তা মোহাম্মদ হানিফ উদ্দিন, উপজেলা প্রকৌশলী মো. আমির হোসেন এবং ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। এছাড়া স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দও সভায় অংশ নেন।

সভায় উপস্থিত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের মধ্যে ছিলেন—
ছাতক সদর ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল ইসলাম, নোয়ারাই ইউনিয়নের চেয়ারম্যান দেওয়ানা পীর আবদুল খালিক রাজা, দোলারবাজার ইউনিয়নের চেয়ারম্যান নুরুল আলম এবং ইসলামপুর ইউনিয়নের চেয়ারম্যান অ্যাডভোকেট সুফি আলম।

মতবিনিময় সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন উপজেলা জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আমিনুল ইসলাম এবং গীতা পাঠ করেন অপু চক্রবর্তী।

সভা শেষে সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন উপজেলা পরিষদ চত্বরে অসহায়দের মাঝে সরকারি চাল বিতরণ করেন। একই সঙ্গে কৃষি বিভাগের উদ্যোগে কৃষকদের মধ্যে রাইস ট্রান্সপ্লান্টার যন্ত্র বিতরণ করা হয়।

error: Content is protected !!