ছাতকে সামাজিক সচেতনতা বাড়াতে মতবিনিময় সভা

নাজমুল হাসান জুয়েল:
প্রকাশ: ২ দিন আগে

অপরাধ প্রতিরোধ এবং সামাজিক সচেতনতা বৃদ্ধিতে ধর্মীয় ও সামাজিক নেতৃবৃন্দ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন বলে মন্তব্য করেছেন ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ ডিপ্লোমেসি চাকমা।

মঙ্গলবার (৭ এপ্রিল) সুনামগঞ্জের ছাতক উপজেলার ইসলামপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সভায় বাল্যবিবাহ, যৌতুক প্রথা এবং নারী ও শিশুদের প্রতি অসদাচরণ প্রতিরোধে সম্মিলিতভাবে সচেতনতা তৈরির ওপর গুরুত্বারোপ করা হয়।
ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট সুফি আলম সোহেলের সভাপতিত্বে এবং ইউপি সচিব আল আমিনের সঞ্চালনায় ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইসলামপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল গণি এবং আল জালাল মহিলা মাদ্রাসার নায়েবে মুহতামিম মাওলানা দ্বীন মোহাম্মদ।
উন্মুক্ত আলোচনায় বিভিন্ন ওয়ার্ডের জনপ্রতিনিধি, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, ধর্মীয় ব্যক্তিত্ব, সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন। বক্তারা সমাজে ইতিবাচক মূল্যবোধ গড়ে তুলতে পারস্পরিক সহযোগিতা ও সচেতনতা কার্যক্রম জোরদারের ওপর গুরুত্ব দেন।
সভায় স্থানীয় মসজিদের ইমাম, সামাজিক সংগঠনের প্রতিনিধি, শিক্ষাবিদ এবং সমাজসেবীরা উপস্থিত ছিলেন।

error: Content is protected !!