ছেঁড়া-ফাটা, ত্রুটিপূর্ণ ও ময়লাযুক্ত নোট নিয়ে কঠোর অবস্থান নিয়েছে বাংলাদেশ ব্যাংক। দেশের সব তফসিলি ব্যাংককে এসব নোট গ্রহণ এবং বিনিময়ে নতুন বা পুনঃপ্রচলনযোগ্য নোট সরবরাহের নির্দেশনা দেওয়া হয়েছে।
সম্প্রতি জারি করা এক পরিপত্রে কেন্দ্রীয় ব্যাংক জানায়, জনসাধারণের স্বাভাবিক ও সুষ্ঠু নগদ লেনদেন নিশ্চিত করতে সব ব্যাংকের প্রতিটি শাখায় নিয়ম অনুযায়ী ছেঁড়া-ফাটা ও ময়লাযুক্ত নোট গ্রহণ এবং বিনিময়সেবা নিয়মিতভাবে চালু রাখতে হবে।
পরিপত্রে উল্লেখ করা হয়, ২০২৫ সালের ১৫ ডিসেম্বর জারি করা ডিসিএম পরিপত্র নং-০৪/২০২৫-এর নির্দেশনা থাকা সত্ত্বেও বাজারে এখনো ক্ষতিগ্রস্ত নোটের আধিক্য রয়েছে। এতে সাধারণ মানুষের দৈনন্দিন লেনদেনে ভোগান্তি তৈরি হচ্ছে।
এ পরিস্থিতি মোকাবেলায় ‘পরিচ্ছন্ন নোট নীতিমালা’ বাস্তবায়নের অংশ হিসেবে বিশেষ করে ছোট মূল্যমানের ৫, ১০, ২০ ও ৫০ টাকার ক্ষতিগ্রস্ত নোট ব্যাংকের বিশেষ কাউন্টারের মাধ্যমে নিয়মিত গ্রহণ করে তাৎক্ষণিকভাবে নতুন বা ব্যবহারযোগ্য নোট দিয়ে বিনিময়ের নির্দেশ দেওয়া হয়েছে।
এছাড়া কোনো ব্যাংক শাখা এ সেবা দিতে অনীহা দেখালে সংশ্লিষ্ট ব্যাংকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সতর্কবার্তাও দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
বাংলাদেশ ব্যাংক এ নির্দেশনাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে সংশ্লিষ্ট সব ব্যাংককে যথাযথভাবে তা বাস্তবায়নের আহ্বান জানিয়েছে।