জনগণের চিকিৎসা সেবা নিশ্চিত করতে ‘ই-হেলথ’ কার্ড চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

স্টাফ রিপোর্টার | দেশ এডিশন
প্রকাশ: ১ ঘন্টা আগে

জনগণের চিকিৎসা সেবা নিশ্চিত করতে ‘ই-হেলথ’ কার্ড চালুর নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার রাজধানীর সচিবালয়ে প্রধানমন্ত্রীর দফতরে স্বাস্থ্য মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা ও স্বাস্থ্য বিশেষজ্ঞদের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে তিনি এ নির্দেশনা দেন।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, ই-হেলথ কার্ড চালুর কার্যক্রম দ্রুত শুরু করতে স্বাস্থ্য মন্ত্রীকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। সরকারের নীতি অনুযায়ী স্বাস্থ্যসেবা জনগণের দ্বারগোড়ায় পৌঁছে দিতে মন্ত্রণালয়কে আরও সক্রিয়ভাবে কাজ করার তাগিদও দিয়েছেন তিনি।

বৈঠকে সরকারি বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার পরিত্যক্ত ভবন চিহ্নিত করে সেগুলোকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে এনে ক্লিনিক ও স্বাস্থ্যসেবা কেন্দ্র হিসেবে গড়ে তোলার বিষয়েও আলোচনা হয়। অতিরিক্ত প্রেস সচিব জানান, শুধু এলজিইডিরই প্রায় ১৭০টি পরিত্যক্ত ভবন রয়েছে। এসব ভবন সংস্কার করে স্বাস্থ্যকেন্দ্র হিসেবে ব্যবহারের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

সভায় দেশের জনসংখ্যা বৃদ্ধির বিষয়টিও গুরুত্বসহকারে আলোচনায় আসে। পরিসংখ্যান অনুযায়ী প্রতিবছর প্রায় ৩৪ লাখ নবজাতক জন্মগ্রহণ করছে, যা নিয়ে বৈঠকে উদ্বেগ প্রকাশ করা হয়। জনসংখ্যা নিয়ন্ত্রণে স্বাস্থ্য মন্ত্রণালয়কে আরও তৎপর হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এছাড়া বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের বিষয়টিও আলোচনায় আসে। এর মধ্যে ৮০ শতাংশ নারী এবং ২০ শতাংশ পুরুষ নিয়োগের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি স্বাস্থ্য মন্ত্রণালয়ের ৭৪ হাজার শূন্য পদে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী নিয়োগের বিষয়েও আলোচনা হয়েছে।

দুর্গম ও প্রত্যন্ত এলাকায় স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসকদের উপস্থিতি নিশ্চিত করার জন্য স্বাস্থ্য মন্ত্রীকে বিশেষভাবে তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী।

বৈঠকে স্বাস্থ্য মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, প্রতিমন্ত্রী এম এ মুহিতসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৃক্ষরোপণ কর্মসূচি জোরদারের নির্দেশ

এর আগে সকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচি সংক্রান্ত সেলের বৈঠক অনুষ্ঠিত হয়।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব জানান, সারাদেশে বৃক্ষরোপণ কর্মসূচি আরও জোরদার করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। কর্মপরিকল্পনা অনুযায়ী সরকারি নার্সারির পাশাপাশি বেসরকারি নার্সারি থেকেও চারা সংগ্রহ করা হবে। খাসজমি, চরাঞ্চল, নদীর তীর, সড়ক ও মহাসড়কের দুই ধারে, বনাঞ্চল এবং সরকারি প্রতিষ্ঠানের আঙিনাসহ বিভিন্ন স্থানে এসব বৃক্ষ রোপণ করা হবে।

এ কর্মসূচির অংশ হিসেবে দেশের প্রতিটি শিক্ষার্থীকে একটি করে বৃক্ষ রোপণ ও পরিচর্যার দায়িত্ব দেওয়ার পরিকল্পনাও রয়েছে।

বৈঠকে বন ও পরিবেশ মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবিএম আবদুস সাত্তারসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আনসার ও ভিডিপি মহাপরিচালকের সাক্ষাৎ

দিনের কর্মসূচির অংশ হিসেবে সকালে আনসার ও ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মতালেব সাজ্জাদ মাহমুদ প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন।

এ সময় প্রধানমন্ত্রী দেশের শান্তি, নিরাপত্তা ও জনগণের স্বার্থে জনসেবামূলক কার্যক্রম অব্যাহত রাখার নির্দেশনা দেন।

error: Content is protected !!