জয়া আহসানের জোড়া ধামাকা: ‘পুতুলনাচের ইতিকথা’ ও ‘ফেরেশতে’ ওটিটিতে

দেশ এডিশন বিনোদন ডেস্ক
প্রকাশ: ৩ মাস আগে

দুই বাংলার দর্শকপ্রিয় অভিনেত্রী জয়া আহসানের ভক্তদের জন্য সুখবর। আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রশংসিত এবং পশ্চিমবঙ্গে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া সিনেমা ‘পুতুলনাচের ইতিকথা’ এবার ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে। একই সাথে দেশের ওটিটিতে এসেছে তার আরেকটি গুরুত্বপূর্ণ সিনেমা ‘ফেরেশতে’।

প্রখ্যাত সাহিত্যিক মানিক ব্যানার্জির কালজয়ী উপন্যাস অবলম্বনে নির্মিত ‘পুতুলনাচের ইতিকথা’-র পরিচালনা করেছেন সুমন মুখার্জি। সিনেমাটিতে জয়া আহসান কুসুম চরিত্রে অভিনয় করেছেন। এছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন আবীর চ্যাটার্জি (শশী) ও পরমব্রত চ্যাটার্জি (কুমুদ), সঙ্গে অভিনয় করেছেন অনন্যা চ্যাটার্জি, সুরঙ্গনা ব্যানার্জি, শান্তিলাল মুখার্জি প্রমুখ। সিনেমাটি ১৪ নভেম্বর থেকে ওটিটি প্ল্যাটফর্ম হইচই-এ দেখা যাবে।

এদিকে, বাংলাদেশের ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ-এ মুক্তি পেয়েছে জয়ার আরেকটি সিনেমা ‘ফেরেশতে’। এটি বাংলাদেশ ও ইরানের যৌথ প্রযোজনায় নির্মিত এবং পরিচালনা করেছেন ইরানের মুর্তজা অতাশ জমজম। গত ১৯ সেপ্টেম্বর সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পায়। সমাজের প্রান্তিক মানুষের জীবনকাহিনীকে কেন্দ্র করে সিনেমায় উঠে এসেছে ঢাকা শহরের এক রিকশাচালক স্বামী এবং গার্মেন্টসে চাকরি করা তার স্ত্রীর সংগ্রাম।

জয়া আহসানের দুটি সিনেমা একই সময়ে ওটিটি প্ল্যাটফর্মে আসায় ভক্তদের জন্য এটি দারুণ আনন্দের খবর।

error: Content is protected !!