পুলিশ বাহিনীর জনবল সংকট মোকাবিলায় জরুরি ভিত্তিতে ২ হাজার ৭০১ জন কনস্টেবল নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সোমবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান সালাহউদ্দিন আহমদ।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশের সব পর্যায়েই জনবলের ঘাটতি রয়েছে। সে কারণে দ্রুত সময়ের মধ্যেই খালি পদে ২ হাজার ৭০১ জন কনস্টেবল নিয়োগের প্রক্রিয়া শুরু করা হবে। তিনি আরও জানান, জনপ্রত্যাশা অনুযায়ী আইনশৃঙ্খলা বাহিনীকে কার্যকরভাবে পরিচালনাই সরকারের প্রধান লক্ষ্য।
এ সময় তিনি বলেন, বিগত সরকারের আমলে দেওয়া আগ্নেয়াস্ত্রের লাইসেন্সগুলো পুনরায় যাচাই করা হবে। লাইসেন্স প্রদানের ক্ষেত্রে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করা হয়েছিল কি না, তা খতিয়ে দেখা হবে। যারা লাইসেন্স পাওয়ার যোগ্য নন বা রাজনৈতিক উদ্দেশ্যে লাইসেন্স পেয়েছেন—এমন ক্ষেত্রে সংশ্লিষ্ট লাইসেন্স বাতিল করা হবে। একই সঙ্গে ওই লাইসেন্সের আওতায় থাকা অস্ত্রের অনুমতিও বাতিল করা হবে।
মন্ত্রী আশা প্রকাশ করেন, এসব কার্যক্রম দ্রুততম সময়ের মধ্যেই সম্পন্ন করা সম্ভব হবে।