স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়সহ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আগামীকাল বুধবার (১০ ডিসেম্বর) বিকেলে একটি জরুরি সংবাদ সম্মেলনে বক্তব্য দেবেন।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) সন্ধ্যায় মন্ত্রণালয়ের একটি আনুষ্ঠানিক কর্মসূচিতে এই তথ্য জানানো হয়।
বুধবার বিকেল ৩টায় সচিবালয়ের স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে তিনি সাম্প্রতিক নানা বিষয় নিয়ে মতামত তুলে ধরবেন বলে জানা গেছে।
যদিও সংবাদ সম্মেলনের কার্যসূচিতে সুনির্দিষ্ট কোনো আলোচ্য বিষয় উল্লেখ করা হয়নি, তবুও সংশ্লিষ্ট সূত্র বলছে—চলমান রাজনৈতিক পরিস্থিতি, ব্যক্তিগত রাজনৈতিক সিদ্ধান্ত এবং আগামীর পরিকল্পনা নিয়ে তিনি ইঙ্গিতপূর্ণ আলোচনা করতে পারেন।
সম্প্রতি তিনি কোন রাজনৈতিক দল থেকে জাতীয় নির্বাচনে অংশ নেবেন এবং প্রার্থীতা ঘোষণা করলে উপদেষ্টার পদ ছাড়বেন কি না—এ নিয়ে বিভিন্ন মহলে আলোচনা চলছে। তার দপ্তর সূত্র জানিয়েছে, এসব প্রশ্নের উত্তর মিলতে পারে বুধবারের সংবাদ সম্মেলনে।
উপদেষ্টা মহল, প্রশাসন এবং রাজনৈতিক পর্যবেক্ষকদের দৃষ্টি এখন বুধবারের সংবাদ সম্মেলনের দিকেই।