বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘জাতীয় নির্বাচনের আগে গণভোটের কোনো সুযোগ নেই।’ তিনি অভিযোগ করেন, বর্তমান রাজনৈতিক সংকট অন্তর্বর্তী সরকারের তৈরি করা একটি জটিল পরিস্থিতি।
শনিবার (১ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবে মুক্তিযোদ্ধা দলের আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, “অত্যন্ত পরিকল্পিতভাবে একটি মহল একাত্তরকে ভুলিয়ে দিতে চায়। কিন্তু সেটি করার কোনো সুযোগ নেই। কারণ একাত্তরেই আমাদের জন্ম। মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তি এখনো ষড়যন্ত্রে লিপ্ত।”
তিনি আরও বলেন, “মিথ্যা তথ্য প্রচার করে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে। সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি—এ ধরনের মিথ্যা ও প্রতারণা থেকে বিরত থাকুন। জনগণ এখন অনেক সচেতন, সত্য লুকিয়ে রাখা যাবে না।”
বিএনপি মহাসচিব বলেন, “দেশে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের সরকার প্রতিষ্ঠার জন্য আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। আমরা বিশ্বাস করি, জনগণই শেষ পর্যন্ত বিজয় ছিনিয়ে আনবে।”
সভায় মুক্তিযোদ্ধা দলের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।