ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে অংশ নিতে গত সাত দিনে বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত ২ লাখ ৩৫ হাজার ৭৮৭ জন প্রবাসী ভোটারের কাছে পোস্টাল ব্যালট পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেন প্রবাসী ভোটার নিবন্ধন কার্যক্রমের আওতায় আউট অব কান্ট্রি ভোটিং সিস্টেম অ্যান্ড ইমপ্লিমেন্টেশন (ওসিভি-এসডিআই) প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান। তিনি জানান, প্রবাসীদের পাশাপাশি দেশের ভেতরে ইন-কান্ট্রি পোস্টাল ভোটার নিবন্ধনের সংখ্যাও বাড়ছে। সরকারি চাকরিজীবী, নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যক্তি ও আইনি হেফাজতে থাকা ভোটারদের নিয়ে এই সংখ্যা ১০ লাখে পৌঁছাতে পারে বলে আশা প্রকাশ করেন তিনি। একই সঙ্গে প্রবাসী বাংলাদেশিদের নিবন্ধন সংখ্যা ৬ লাখ ছাড়াতে পারে বলেও জানান।
ইসি সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সংযুক্ত আরব আমিরাতে ১০ হাজার ৯৯৯টি, যুক্তরাজ্যে ৩ হাজার ৫০০টি, কুয়েতে ৯০০টি এবং সৌদি আরবে ১৭ হাজার ৫০০টি পোস্টাল ব্যালট প্রেরণ করা হয়েছে। সব মিলিয়ে গত সাত দিনে মোট ২ লাখ ৩৫ হাজার ৭৮৭টি পোস্টাল ব্যালট পাঠানো হয়েছে।
এদিকে, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত সর্বশেষ তথ্য অনুযায়ী, জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে মোট ৭ লাখ ৩৮ হাজার ৭৯ জন ভোটার নিবন্ধন সম্পন্ন করেছেন।
দেশভিত্তিক হিসাবে প্রবাসী ভোটারদের মধ্যে সবচেয়ে বেশি নিবন্ধন হয়েছে সৌদি আরব থেকে—১ লাখ ৫৫ হাজার ৬৯২ জন। অন্যদিকে দেশের ভেতরে ‘ইন-কান্ট্রি পোস্টাল ভোট’ ক্যাটাগরিতে নিবন্ধন করেছেন ২ লাখ ৩ হাজার ৯৯২ জন ভোটার।
নির্বাচন কমিশন আশা করছে, পোস্টাল ব্যালট ও নিবন্ধন কার্যক্রমের মাধ্যমে এবারের নির্বাচনে প্রবাসী ও বিশেষ শ্রেণির ভোটারদের অংশগ্রহণ আরও বাড়বে।