ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আজ (সোমবার)। নির্বাচন কমিশনের (ইসি) ঘোষিত তফসিল অনুযায়ী আজই মনোনয়নপত্র জমা দেওয়ার সময়সীমা শেষ হচ্ছে।
নির্বাচন কমিশন সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) ও তথ্য প্রদানকারী কর্মকর্তা মো. রুহুল আমিন মল্লিক জানান, গত ১১ ডিসেম্বর তফসিল ঘোষণার পর থেকে রোববার (২৯ ডিসেম্বর) দুপুর আড়াইটা পর্যন্ত মোট ২ হাজার ৭৮০ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
উল্লেখ্য, গত ১১ ডিসেম্বর জাতির উদ্দেশে ভাষণের মাধ্যমে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন। পরবর্তীতে ১৮ ডিসেম্বর তফসিল সংশোধন করে প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন।
সংশোধিত তফসিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তারা ৩০ ডিসেম্বর থেকে আগামী ৪ জানুয়ারি পর্যন্ত মনোনয়নপত্র বাছাই করবেন। বাছাই সংক্রান্ত সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের করা যাবে ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি পর্যন্ত। আপিল নিষ্পত্তি হবে ১০ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারির মধ্যে।
এ ছাড়া প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন নির্ধারণ করা হয়েছে ২০ জানুয়ারি এবং প্রতীক বরাদ্দ দেওয়া হবে ২১ জানুয়ারি। আগামী ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ব্যালট পেপারের মাধ্যমে স্বচ্ছ ব্যালট বাক্সে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।