জাতীয় পার্টিকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে রাজনৈতিক সংগঠন মঞ্চ-২৪। শুক্রবার (২ জানুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন প্রাঙ্গণে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান সংগঠনটির আহ্বায়ক ফাহিম ফারুকী।
সংবাদ সম্মেলনে পাঠ করা লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ১৬ বছর ধরে শুধু আওয়ামী লীগ নয়, জাতীয় পার্টিসহ ১৪ দলীয় জোটের মাধ্যমে দেশে বাকশালী মুজিববাদী শাসন কায়েম ছিল। আওয়ামী লীগের মানবতাবিরোধী অপরাধের দায় জাতীয় পার্টিকেও নিতে হবে। বিচারের প্রশ্নে আওয়ামী লীগ ও জাতীয় পার্টিকে ভিন্নভাবে দেখার কোনো সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি।
ফাহিম ফারুকী বলেন, অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করলেও তাদের সহযোগী জাতীয় পার্টির কার্যক্রম এখনও বন্ধ করা হয়নি। জুলাই পরবর্তী বাংলাদেশে কোনো ফ্যাসিবাদী বা বাকশালী রাজনৈতিক শক্তির রাজনীতি করার সুযোগ নেই।
তিনি আরও বলেন, হাসিনা আমলে অনুষ্ঠিত প্রতিটি ‘প্রহসনের নির্বাচনে’ আওয়ামী লীগ ও জাতীয় পার্টি একই ভূমিকা পালন করেছে। জনগণের ভোটাধিকার হরণে জড়িত কোনো দল বা জোট বাংলাদেশের রাজনীতিতে অংশগ্রহণ করতে পারে না। এ কারণে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সংশ্লিষ্ট দলের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে তাদের নির্বাচনে অযোগ্য ঘোষণা করতে হবে।