বাংলাদেশ জামায়াতে ইসলামী–এর সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের দাবি করেছেন, ষড়যন্ত্রমূলকভাবে জামায়াতের আমিরের X (সাবেক Twitter) অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে। রোববার (১ ফেব্রুয়ারি) এ বিষয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
তিনি জানান, শনিবার (৩১ জানুয়ারি) বিকেল ৪টা ৩৭ মিনিটে অ্যাকাউন্টটি হ্যাকড হয় এবং পরবর্তীতে সেখানে সংগঠনের চিন্তা-আদর্শের সঙ্গে সাংঘর্ষিক কিছু পোস্ট দেওয়া হয়। পরে বিকেল ৫টা ২২ মিনিটে অ্যাকাউন্টটি পুনরুদ্ধার করা সম্ভব হয় বলে তিনি উল্লেখ করেন।
এহসানুল মাহবুব জুবায়ের বলেন, “এটি একটি গভীর ষড়যন্ত্র। যারা এ কাজটি করেছে, তারা দীর্ঘদিন ধরে এর প্রস্তুতি নিচ্ছিল।” তিনি অভিযোগ করেন, একটি বিশেষ দল জামায়াতের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার উদ্দেশ্যে এ ঘটনা ঘটিয়েছে। তাঁর ভাষ্য অনুযায়ী, ঘটনার পরপরই যারা তাৎক্ষণিক কর্মসূচি ঘোষণা করেছে, তাদের সংশ্লিষ্টতা নিয়েও সন্দেহ রয়েছে।
তিনি আরও জানান, বিষয়টি নিয়ে আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান।