জামায়াত জোটে কেন এনসিপি—ব্যাখ্যা দিলেন নাহিদ ইসলাম

দেশ এডিশন নিউজ ডেস্ক
প্রকাশ: ২ মাস আগে

গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের আকাঙ্ক্ষা বাস্তবায়ন এবং বৃহত্তর রাজনৈতিক ঐক্যের স্বার্থে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে জোট গঠনের সিদ্ধান্ত নিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার (২৮ ডিসেম্বর) রাতে রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এসব কথা বলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।

তিনি জানান, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এনসিপির এককভাবে অংশগ্রহণের পরিকল্পনা থাকলেও বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে সেই সিদ্ধান্ত পরিবর্তন করতে হয়েছে। শরিফ ওসমান হাদিকে প্রকাশ্যে গুলি করার ঘটনার পর দেশের রাজনৈতিক পরিস্থিতিতে বড় ধরনের পরিবর্তন এসেছে বলে মন্তব্য করেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, “গণঅভ্যুত্থানে পরাজিত শক্তিগুলো জুলাই প্রজন্মকে নিঃশেষ করার জন্য নানা ষড়যন্ত্রে লিপ্ত। এ পরিবর্তিত পরিস্থিতিতে যেন আধিপত্যবাদী শক্তি গণঅভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশকে থামিয়ে দিতে না পারে, সে লক্ষ্যেই আমরা বাংলাদেশ জামায়াতে ইসলামী ও তাদের নেতৃত্বাধীন আট দলের জোটের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছি।”

তিনি আরও বলেন, “এই জোটের মাধ্যমে আমরা আধিপত্যবাদ, দুর্নীতি, সংস্কার ও বিচার—এই মৌলিক বিষয়গুলোতে একসঙ্গে কাজ করব।” সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম জানান, সোমবার জোটের প্রার্থীদের নাম প্রকাশ করা হবে এবং আগামীকালই মনোনয়নপত্র জমা দেওয়া হবে।

জামায়াত ইসলামীর ঐতিহাসিক দায় নিয়ে প্রশ্নের জবাবে এনসিপি আহ্বায়ক বলেন, “এই জোট মূলত নির্বাচন বৈতরণী পার করার জন্য। তবে এনসিপি তার নিজস্ব রাজনৈতিক উদ্দেশ্য ও আদর্শ অনুসারেই কাজ করে যাবে।”

error: Content is protected !!