জামায়াত নেতাকে হত্যাচেষ্টার অভিযোগ: বিএনপি প্রার্থীর ছেলে রাফিকে তলব

প্রকাশ: ২ সপ্তাহ আগে

চাঁপাইনবাবগঞ্জ–৩ (সদর) আসনে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন ও এক জামায়াত নেতাকে মারধর, লাঞ্ছিত এবং হত্যাচেষ্টার অভিযোগে বিএনপি প্রার্থী হারুনুর রশীদের ছেলে রুবাইয়াত ইবনে হারুন রাফিকে তলব করেছে নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি।

মঙ্গলবার এ সংক্রান্ত তলব আদেশ জারি করেন চাঁপাইনবাবগঞ্জ–৩ আসনের নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির চেয়ারম্যান এবং সিভিল জজ মো. মেহেদী হাসান

আদেশে বলা হয়, মোহাম্মদ নজরুল ইসলামের লিখিত অভিযোগের প্রেক্ষিতে রুবাইয়াত ইবনে হারুন রাফিকে আগামী বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সশরীরে কমিটির সামনে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা দিতে হবে—কেন তার বিরুদ্ধে বেআইনি কার্যক্রমের জন্য নির্বাচন কমিশনে শাস্তিমূলক সুপারিশ করা হবে না।

একই সঙ্গে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসিকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) জারি করে দ্রুত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

কমিটির আদেশে উল্লেখ করা হয়, অভিযুক্তের কর্মকাণ্ড গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এবং নির্বাচনি আচরণবিধি, ২০২৫-এর বিধি ৩, ১৫ ও ২৭-এর সুস্পষ্ট লঙ্ঘন। এসব ঘটনা এলাকায় সুষ্ঠু নির্বাচনি পরিবেশকে বিঘ্নিত করেছে বলেও উল্লেখ করা হয়।

অভিযোগের বিবরণ

অভিযোগ সূত্রে জানা গেছে, গত ২৫ জানুয়ারি সন্ধ্যায় নামোশংকরবাটি এলাকায় ধানের শীষ প্রতীকের প্রার্থী হারুনুর রশীদ ও তার স্ত্রী সৈয়দা আশিফা আশরাফী পাপিয়ার উপস্থিতিতে জামায়াতে ইসলামীর ওয়ার্ড সভাপতি আজিজুল হক নূর-এর ওপর হামলার ঘটনা ঘটে।

অভিযোগে বলা হয়, রুবাইয়াত ইবনে হারুন রাফি ওই নেতার কলার ধরে মারধর করেন এবং গলা চেপে ধরেন। এতে তাকে হত্যার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগকারীরা দাবি করেন।

বিক্ষোভ মিছিল

এ ঘটনার প্রতিবাদে ওই রাতেই জেলা শহরের নতুনহাট মোড়ে বিক্ষোভ মিছিল করে জামায়াতে ইসলামী। তাদের দাবি, প্রচার মিছিলের সময় গাড়ি চলাচলে বিঘ্ন ঘটার অজুহাতে পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে।

এ বিষয়ে অভিযুক্ত পক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

error: Content is protected !!