দেশ এডিশন (সিলেট) ব্যুরো ডেস্ক:
সিলেটের জৈন্তাপুর ও কানাইঘাট সীমান্ত এলাকায় পৃথক অভিযানে প্রায় ২৮ লাখ টাকার ভারতীয় গরু ও সুপারি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (২৪ অক্টোবর) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)।
বিজিবির তথ্য অনুযায়ী, গোপন সংবাদের ভিত্তিতে সিলেট সেক্টরের অধীনস্থ জকিগঞ্জ ব্যাটালিয়নের আওতাধীন জৈন্তাপুর বিওপির টহল দল সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৮টি ভারতীয় গরু আটক করে, যার আনুমানিক বাজারমূল্য ৯ লাখ ২০ হাজার টাকা।
অন্যদিকে, কানাইঘাট উপজেলার লোভাছড়া ও সুরাইঘাট বিওপির টহল দল পৃথক অভিযানে ১ হাজার ৩৫০ কেজি ভারতীয় সুপারি ও একটি পিকআপ ভ্যান জব্দ করে। এসবের আনুমানিক সিজারমূল্য ১৮ লাখ ৯০ হাজার টাকা।
সবমিলিয়ে, দুই উপজেলার অভিযানে জব্দকৃত মালামালের মোট মূল্য দাঁড়িয়েছে ২৮ লাখ ১০ হাজার টাকা।
জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জুবায়ের আনোয়ার পিএসসি বলেন, “সীমান্ত সুরক্ষায় বিজিবির গোয়েন্দা তৎপরতা ও চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। এ অভিযানের অংশ হিসেবেই এসব পণ্য জব্দ করা হয়েছে। জব্দকৃত মালামাল কাস্টমসের মাধ্যমে আইনানুগ প্রক্রিয়ায় হস্তান্তরের কার্যক্রম চলছে।”
তিনি আরও জানান, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবির নিয়মিত অভিযান চলমান থাকবে।