ঝড়ো হাওয়ায় সাজেকের বিভিন্ন পাড়ায় ১৯ পরিবারের ঘরবাড়ির ক্ষতি

রুপম চাকমা | বাঘাইছড়ি, রাঙ্গামাটি
প্রকাশ: ৬ ঘন্টা আগে

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের বিভিন্ন গ্রামে কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে অন্তত ১৯টি পাহাড়ি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। ঝড়ো হাওয়া ও বৃষ্টির কারণে অনেক বসতঘরের ছাউনি উড়ে গেছে এবং কিছু ঘর আংশিক ও সম্পূর্ণভাবে বিধ্বস্ত হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল হঠাৎ শুরু হওয়া ঝড়ো হাওয়া ও ভারী বৃষ্টিতে সাজেকের বিভিন্ন পাড়ায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো বর্তমানে চরম দুর্ভোগে পড়েছে।

স্থানীয় বাসিন্দা নলেন কান্তি ত্রিপুরা জানান, আকস্মিক ঝড়ে বেটলিং পাড়ায় ৭টি পরিবার, নিউ থাং নাং পাড়ায় ৩টি পরিবার এবং তারুং পাড়ায় ৬টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেকের ঘরবাড়ি ভেঙে পড়ায় তারা খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছেন।

এছাড়া শান্তি পাড়া ও জুপুই পাড়ায় নেটওয়ার্ক সংযোগ না থাকায় সেসব এলাকার ক্ষয়ক্ষতির সঠিক তথ্য এখনো পাওয়া যায়নি। অন্যদিকে সাজেক ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ত্রিপুরা পাড়ায় আরও ৩টি পরিবার ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গেছে।

৮ নম্বর ওয়ার্ডের সদস্য মন্টু কুমার ত্রিপুরা বলেন, ঝড়ের কারণে কয়েকটি পাড়ায় বসতঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। নেটওয়ার্ক সমস্যার কারণে সব তথ্য এখনো সংগ্রহ করা সম্ভব হয়নি। পরিস্থিতি স্বাভাবিক হলে বিস্তারিত তথ্য জানা যাবে।

ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়াতে দ্রুত প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন স্থানীয়রা।

এ বিষয়ে বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমেনা মারজান জানান, বিষয়টি খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

error: Content is protected !!