পবিত্র মাহে রমজানের পবিত্রতা রক্ষা ও দিনের বেলায় হোটেল–রেস্তোরাঁ বন্ধ রাখার আহ্বানে ঝালকাঠির রাজাপুরে এক সচেতনতামূলক র্যালি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে আসরের নামাজ শেষে রাজাপুর উপজেলা সদরের বাজার এলাকায় আল মদিনা জামে মসজিদের সামনে থেকে র্যালিটি শুরু হয়। ইমাম ও মোয়াজ্জিন কল্যাণ সোসাইটি, রাজাপুর শাখার উদ্যোগে আয়োজিত এ র্যালিতে স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লি ও সংগঠনের সদস্যরা অংশ নেন। র্যালিটি উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে রাজাপুর প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়। এ সময় অংশগ্রহণকারীরা রমজানের পবিত্রতা রক্ষায় বিভিন্ন স্লোগান দেন এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির আহ্বান জানান।
র্যালির মূল প্রতিপাদ্য ছিল— “আহলান ছাহলান মাহে রমজান, রমজানের পবিত্রতা রক্ষা করুন। দিনের বেলা হোটেল–রেস্তোরাঁ বন্ধ রাখুন।” র্যালিতে নেতৃত্ব দেন ইমাম ও মোয়াজ্জিন কল্যাণ সোসাইটি, রাজাপুর শাখার সভাপতি মাওলানা আমিনুল ইসলাম নেহারী। তিনি বলেন, “পবিত্র রমজান মাস মুসলমানদের জন্য সংযম, আত্মশুদ্ধি ও তাকওয়া অর্জনের মাস। এ মাসের সম্মান রক্ষায় সবাইকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”
আয়োজকরা জানান, রমজান মাসের পবিত্রতা বজায় রাখতে সামাজিক সচেতনতা সৃষ্টি করাই এ কর্মসূচির মূল লক্ষ্য।