গাজীপুরের টঙ্গীতে পৃথক দুটি পোশাক কারখানায় কাজ চলাকালীন শতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়ার ঘটনা ঘটেছে। অসুস্থ শ্রমিকদের দ্রুত উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতাল ও গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।
বুধবার (১৪ জানুয়ারি) সকালে টঙ্গী বিসিক শিল্প এলাকায় এমট্রানেট গ্রুপের গার্মেন্টস এক্সপোর্ট ভিলেজ লিমিটেড এবং ব্রাভো অ্যাপারেলস লিমিটেড কারখানায় এই ঘটনা ঘটে।
ব্রাভো অ্যাপারেলসের শ্রমিকরা জানান, সকাল থেকে নিয়মিত কাজ চলছিল। হঠাৎ করে কারখানার ৫ম তলায় তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। কিছু সময় পর একে একে শ্রমিকরা অসুস্থ হতে শুরু করেন। খবর ছড়িয়ে পড়লে আতঙ্ক তৈরি হয় এবং এক পর্যায়ে বিভিন্ন ফ্লোরে প্রায় অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েন।
অন্যদিকে গার্মেন্টস এক্সপোর্ট ভিলেজ লিমিটেডের শ্রমিকরা জানান, দুই দিন আগে দুপুরের পর কয়েকজন শ্রমিক অসুস্থ হলে কারখানা কর্তৃপক্ষ ছুটি ঘোষণা করে। পরদিনও কয়েকটি ফ্লোর বন্ধ ছিল। বুধবার সকালে কাজ শুরু করার পর আবারও বেশ কয়েকজন শ্রমিক অসুস্থ হয়ে পড়েন।
হাসপাতাল সূত্র জানায়, টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে মোট ৩৮ জন শ্রমিক চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে ১২ জনকে ভর্তি হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
এছাড়া গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ৭১ জন শ্রমিক চিকিৎসা গ্রহণ করেছেন।
শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. নাহিদ সুলতানা জানান, “বেশিরভাগ শ্রমিক প্যানিক অ্যাটাকজনিত কারণে অসুস্থ হয়েছেন। কয়েকজন শ্বাসকষ্ট ও শারীরিক দুর্বলতায় ভুগছেন। সবাইকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।”
শিল্প পুলিশের টঙ্গী জোনের পরিদর্শক আজাদ রহমান বলেন, “খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। দুই কারখানার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক আছে। ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।”
এ বিষয়ে দুই কারখানার কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা গণমাধ্যমে কথা বলতে রাজি হননি বলে জানা গেছে।