ইন্দোনেশিয়ার সরকার জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকের অপারেটিং লাইসেন্স সাময়িকভাবে স্থগিত করেছে। দেশটির যোগাযোগ ও ডিজিটাল বিষয়ক মন্ত্রণালয় জানায়, আগস্টে সরকারবিরোধী বিক্ষোভ চলাকালে টিকটক লাইভ ফিচারের কার্যক্রম সম্পর্কিত পর্যাপ্ত তথ্য সরবরাহে ব্যর্থ হওয়ায় এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
শুক্রবার (৪ অক্টোবর) তুরস্কভিত্তিক গণমাধ্যম টিআরটি ওয়ার্ল্ডের এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়।
মন্ত্রণালয়ের ডিজিটাল স্পেস সুপারভিশনের মহাপরিচালক আলেকজান্ডার সাবার এক বিবৃতিতে বলেন, “টিকটক কেবল আংশিক তথ্য প্রদান করেছে। এই সিদ্ধান্ত সরকারের দৃঢ় অবস্থানেরই প্রতিফলন।”
সরকার বিশেষভাবে চেয়েছিল অনলাইন জুয়া সম্পর্কিত সন্দেহভাজন অ্যাকাউন্টগুলোর লাইভ কার্যক্রম, নগদীকরণ (মোনিটাইজেশন) সংক্রান্ত ট্র্যাফিকসহ অন্যান্য তথ্য। টিকটককে এ জন্য ২৩ সেপ্টেম্বর পর্যন্ত সময় দেওয়া হলেও নির্ধারিত সময়ের মধ্যে তারা প্রয়োজনীয় তথ্য সরবরাহ করতে ব্যর্থ হয়।
এদিকে, টিকটক জানিয়েছে, তারা যেসব দেশে কাজ করে, সেই সব বাজারের আইন ও নীতিমালা মেনে চলে।
বিশ্লেষকরা মনে করছেন, এ সিদ্ধান্ত ইন্দোনেশিয়ায় ডিজিটাল প্ল্যাটফর্মগুলোর ওপর সরকারি নজরদারি আরও বাড়ার ইঙ্গিত দিচ্ছে।