টেকনাফে নাফ নদীতে আরাকান আর্মির গুলিবর্ষণ, আহত ২ জেলে

দেশ এডিশন ডেস্ক | টেকনাফ, কক্সবাজার
প্রকাশ: ২ সপ্তাহ আগে

কক্সবাজারের টেকনাফ উপজেলার নাফ নদীতে মাছ ধরতে গিয়ে মিয়ানমারের সশস্ত্র সংগঠন আরাকান আর্মির ছোড়া গুলিতে দুই বাংলাদেশি জেলে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন। ঘটনাটি সীমান্তবর্তী এলাকায় নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে।

আহতরা হলেন— টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের কানজরপাড়া এলাকার শেখ কামালের ছেলে মো. সোহেল (১৬) এবং একই ইউনিয়নের মো. ইউনুসের ছেলে মো. ওবাইদুল্লাহ (১৭)।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরের দিকে হোয়াইক্যং ঝিমংখালীসংলগ্ন নাফ নদীতে নৌকাযোগে মাছ ধরার সময় মিয়ানমার সীমান্তের দিক থেকে হঠাৎ গুলিবর্ষণ শুরু হয়। হোয়াইক্যং ঝিমংখালী এলাকার ইউপি সদস্য কবির আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জেলেদের লক্ষ্য করে আনুমানিক ১০–১৫ রাউন্ড গুলি ছোড়া হয়। এতে দুই জেলে গুলিবিদ্ধ হন।

ঘটনার পর আশপাশে থাকা স্থানীয় জেলেরা দ্রুত এগিয়ে এসে আহতদের উদ্ধার করেন। পরে তাদের চিকিৎসার জন্য কুতুপালং এমএসএফ হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন।

তবে গুলিবর্ষণের সময় জেলেরা মিয়ানমার সীমান্তে অবস্থান করছিলেন, নাকি বাংলাদেশের জলসীমার ভেতরে ছিলেন— বিষয়টি এখনো নিশ্চিত হওয়া যায়নি বলে স্থানীয়রা জানিয়েছেন।

এ বিষয়ে হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই খোকন কান্তি রুদ্র বলেন, “নাফ নদীতে দুই জেলে গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন বলে আমরা জানতে পেরেছি।”

অন্যদিকে বিজিবির ঝিমংখালী কোম্পানি কমান্ডার জানিয়েছেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে এবং বিস্তারিত খোঁজ নেওয়া হচ্ছে।

সীমান্তবর্তী নাফ নদীতে এ ধরনের গুলির ঘটনা জেলেদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে। স্থানীয়রা সীমান্তে নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।

error: Content is protected !!